'রূপকল্প: রঙের শরীরী ভাষা'
অবলীলায় সেতার বাজাচ্ছেন একজন। পাশে বসে অধীর মনোযোগে তা শুনছেন কয়েকজন। সূরের মূর্ছনায় পুরো ঘর আন্দোলিত। না, কোনো বাস্তব দৃশ্য নয় এটি। শিল্পীর আঁকা এক প্রতিচ্ছবি।
‘রূপকল্প: রঙের শরীরী ভাষা’ শীর্ষক আর্ট ক্যাম্পে চিত্রশিল্পী মোস্তাফিজ কারিগরের আঁকা ছবিতে সংগীতের সঙ্গে মানবপ্রেমের মিল পাওয়া যায়। গতকাল বৃহস্পতিবার মানিকগঞ্জের ঘিওর উপজেলার তেরশ্রী ডিগ্রি কলেজের প্রাঙ্গণে দুই দিনব্যাপী এ আর্ট ক্যাম্পের আয়োজন করা হয়। শিল্প, সাহিত্য ও মনন-বিষয়ক ত্রৈমাসিক পত্রিকা মানুষ এবং বেসরকারি উন্নয়ন সংস্থা বারসিকের যৌথ উদ্যোগে গতকাল এ ক্যাম্প উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে মানুষ-এর প্রকাশক অলোক সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের শিক্ষক শেখ সাদী ভূঁইয়া। বক্তব্য দেন ওই ইনস্টিটিউটের শিক্ষক ঝন্টু যোগী, কথাসাহিত্যিক বুলবুল চৌধুরী, কবি সরদার ফারুক, চিত্রশিল্পী ও লেখক জেমরিনা বিনতে আলী, মানুষ-এর সম্পাদক শফিক সেলিম এবং বারসিকের জেলা সমন্বয়ক বিমল রায়।