চিত্রশিল্পী কাইয়ুম চৌধুরী চলে গেছেন, কিন্তু রেখে গেছেন অনেক কিছু। তাঁর শিল্পকর্ম ও জীবনদর্শন থেকে বর্তমান ও পরবর্তী প্রজন্মের শেখার অনেক কিছু আছে।
দেশের সংস্কৃতি অঙ্গনের বরেণ্য ব্যক্তিত্ব শিল্পী কাইয়ুম চৌধুরীর স্মরণসভায় সহকর্মী ও একুশে পদকপ্রাপ্ত চিত্রশিল্পী সমরজিৎ রায় চৌধুরী এ কথা বলেন। গতকাল সোমবার কেন্দ্রীয় গণগ্রন্থাগারের সেমিনার কক্ষে ক্যানভাস অব বাংলাদেশ এই স্মরণসভার আয়োজন করে। এতে কাইয়ুম চৌধুরীর সহকর্মী, ছাত্র ও তাঁর ছেলে বক্তব্য দেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সমরজিৎ চৌধুরী বলেন, কাইয়ুম চৌধুরী অনেক কিছু করেছেন। এখন দায়িত্ব হলো তাঁর সৃষ্টিকে দেখে রাখা। সেখান থেকে শিক্ষা নেওয়া। শিল্পের সব শাখাতেই তাঁর বিচরণ ছিল। তাঁর ছবির দিকে তাকিয়ে থেকে শেখার আছে অনেক কিছু।
সমরজিৎ বলেন, মানুষটি কখনো অন্যায়কে প্রশ্রয় দেননি। মন্দকে মন্দ বলতে দ্বিধা করতেন না। অন্যের ভালো কিছুকে প্রশংসা করতেও দেরি করতেন না। তিনি শেখার জন্য অফুরন্ত সম্পদ রেখে গেছেন।
বিশেষ অতিথির বক্তব্যে শিল্পী মামুন কায়সার বলেন, কাইয়ুম চৌধুরীর কাজে নতুনত্ব থাকত। তিনি সব সময় তাঁর ছাত্রদের নিজের শিকড় অনুসন্ধান করতে বলতেন। কিন্তু কাজের উপস্থাপনায় সমসাময়িক বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে বা তার চেয়ে এগিয়ে থাকতে শিক্ষার্থীদের পরামর্শ দিতেন।
কাইয়ুম চৌধুরীর ছেলে মইনুল ইসলাম জাবের বলেন, তাঁর বাবা গ্রাফিকস ডিজাইনকে আধুনিক করেছেন। শিল্প আন্দোলনে তাঁর ভূমিকা ছিল অগ্রগণ্য।
শিল্পী ইসরাফিল প্রামাণিক বলেন, বাংলাদেশে গ্রাফিক ডিজাইনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন কাইয়ুম চৌধুরী। তিনি বলেন, শিল্প ছাড়া আন্দোলন হয় না। এই রাষ্ট্র কেন যেন তা স্বীকার করতে চায় না।
শিল্পী অশোক কর্মকার বলেন, শিল্প আন্দোলন ও গ্রাফিক ডিজাইনের অভিধান, জনক। চিত্রশিল্পী হিসেবে তিনি ছিলেন অনন্য।
স্মরণসভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ও কবি শামিম রুমি। এতে আরও বক্তব্য দেন শিল্পী রুস্তম আলী প্রামাণিক, শিল্পী শহিদুল ইসলাম প্রমুখ।