'রেবেকা মোমেনের বক্তব্য ধর্ষকদের উৎসাহ দেবে'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাংসদ রেবেকা মোমেনের এমন এক সময়ে এই মন্তব্য করলেন যখন নারীদের প্রতি ধর্ষণের ঘটনা ও বীভৎসতা বেড়ে যাওয়ায় বিভিন্ন মহল থেকে উদ্বেগ প্রকাশ করা হচ্ছে। গতকাল শনিবার নারীপক্ষ রেবেকা মোমেনকে বক্তব্য প্রত্যাহারের দাবি জানিয়েছে। সামাজিক যোগাযোগের মাধ্যমেও তাঁর এই বক্তব্যের তীব্র সমালোচনা করা হচ্ছে।

গত বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ নারী প্রগতি সংঘ আয়োজিত এক সেমিনারে রেবেকা মোমেন বলেছিলেন, ‘পুরুষেরা আক্রমণ করবে এটা তার স্বভাবজাত বৈশিষ্ট্য। কিন্তু নারী যদি শ্রদ্ধাবোধ পাওয়ার যোগ্যতা অর্জন না করতে পারে, তবে দেশে নারী নির্যাতন বাড়বেই, কমবে না।’

নারীপক্ষ এ বিষয়ে বিবৃতিতে বলেছে, ‘অত্যন্ত গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত একজন ব্যক্তির এ ধরনের বক্তব্য আমাদের জন্য লজ্জার ও অপমানের। তাঁর বক্তব্য ধর্ষণকারীদের উৎসাহিত করবে। বাংলাদেশে ১৮ বছর থেকে আট বছরের মেয়েটিও ধর্ষণের শিকার হয়, তা অশালীন পোশাকের জন্য নয়। আমরা তাঁর বক্তব্যের তীব্র নিন্দা, ক্ষোভ ও প্রতিবাদ জানাই।’

শাসকদলীয় একজন সাংসদের এ ধরনের বক্তব্যের সঙ্গে মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি একমত কি না জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, ‘মেয়েরা তাঁদের পছন্দের পোশাক পরলে ধর্ষণের শিকার হবে, এ কথার সঙ্গে একমত পোষণের কোনো সুযোগ নেই।’

এ বিষয়ে জানতে রেবেকা মোমেনের সঙ্গে মুঠোফোনে বারবার যোগাযোগ করে এবং খুদেবার্তা দিয়েও কথা বলা সম্ভব হয়নি।