'রেবেকা মোমেনের বক্তব্য ধর্ষণকারীদের উৎসাহ দেবে'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘নারী নির্যাতন প্রতিরোধে আমাদের অর্জন ও ব্যর্থতা’ শীর্ষক সেমিনারে নারী ও শিশুবিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি রেবেকা মোমেন নারীদের পোশাক ও চলাফেরা নিয়ে বক্তব্য দেন। গত বৃহস্পতিবার প্রেসক্লাবে তিনি (মাঝখানে বসা) এ বক্তব্য দেন। ছবি: সংগৃহীত।
‘নারী নির্যাতন প্রতিরোধে আমাদের অর্জন ও ব্যর্থতা’ শীর্ষক সেমিনারে নারী ও শিশুবিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি রেবেকা মোমেন নারীদের পোশাক ও চলাফেরা নিয়ে বক্তব্য দেন। গত বৃহস্পতিবার প্রেসক্লাবে তিনি (মাঝখানে বসা) এ বক্তব্য দেন। ছবি: সংগৃহীত।

নারীদের পোশাক ও চলাফেরা নিয়ে নারী ও শিশুবিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি রেবেকা মোমেনের বক্তব্যকে কেন্দ্র করে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।

সম্প্রতি এক অনুষ্ঠানে রেবেকা বলেন, ‘নারীর অশালীন চলাফেরা ও পারিবারিক শৃঙ্খলা না থাকার কারণে দেশে ধর্ষণ ও নির্যাতনের মাত্রা বেড়ে গেছে।’
আজ শনিবার বেসরকারি সংস্থা নারীপক্ষ এক বিজ্ঞপ্তিতে রেবেকা মোমেনকে তাঁর বক্তব্য প্রত্যাহারের দাবি জানিয়েছে।
রেবেকা এমন এক সময়ে এই মন্তব্য করলেন যখন নারীদের প্রতি সহিংসতা ও ধর্ষণের ঘটনা বেড়ে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করা হচ্ছে বিভিন্ন পক্ষ থেকে।
বিজ্ঞপ্তিতে নারীপক্ষ বলছে, ‘অত্যন্ত গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত একজন ব্যক্তির এ ধরনের বক্তব্য আমাদের জন্য লজ্জার ও অপমানের। তাঁর বক্তব্য ধর্ষণকারীদের উৎসাহিত করবে। ... বাংলাদেশে ১৮ বছর থেকে ৮ বছরের মেয়েটিও ধর্ষণের শিকার হয়, তা অশালীন পোশাকের জন্য নয়। আমরা তাঁর বক্তব্যের তীব্র নিন্দা, ক্ষোভ ও প্রতিবাদ জানাই।’

ক্ষমতাসীন দলের একজন সাংসদের এ ধরনের বক্তব্যের সঙ্গে একমত কি না, জানতে চাইলে মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ বলেন, ‘ওই অনুষ্ঠানে আমি উপস্থিত ছিলাম না। তবে মেয়েরা তাদের পছন্দের পোশাক পরলে ধর্ষণের শিকার হবে, এ কথার সঙ্গে একমত পোষণের কোনো সুযোগ নেই।’ তিনি আরও বলেন, নারী-পুরুষ সবাইকে শালীনভাবে চলতে হবে। শালীনতা রক্ষার দায়িত্ব শুধু নারীদের নয় বলেও তিনি মন্তব্য করেন।
এ বিষয়ে জানতে রেবেকা মোমেনের সঙ্গে মোবাইলে বারবার ফোন দিলেও তিনি ফোন ধরেননি। মোবাইলে খুদে বার্তা দিলেও তিনি কোনো ফিরতি বার্তাও পাঠাননি।