'রেলপথ নির্মাণে যেন বন্য প্রাণীর ক্ষতি না হয়'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় চুনতি অভয়ারণ্যের ভেতর দিয়ে রেলপথ করতে গিয়ে প্রকৃতি যেন হারিয়ে না যায়। বন্য প্রাণীর যাতে ক্ষতি না হয়, সেদিকে লক্ষ রাখতে হবে।

গতকাল মঙ্গলবার লোহাগাড়া উপজেলার চুনতি বনপুকুর এলাকায় সহব্যবস্থাপনা কমিটির কার্যালয়ে চুনতি বন্য প্রাণী অভয়ারণ্যের ১৫তম সহব্যবস্থাপনা কাউন্সিলের অধিবেশনে বক্তারা এ কথা বলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ফিজনূর রহমানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের চট্টগ্রাম বিভাগীয় কর্মকর্তা এস এম গোলাম মাওলা।

চুনতি অভয়ারণ্য সহব্যবস্থাপনা কমিটির সভাপতি মো. ইসমাইল মানিক বলেন, ইতিমধ্যে চুনতি অভয়ারণ্যে বন্য প্রাণীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে। অভয়ারণ্যটি জাতীয় ও আন্তর্জাতিকভাবে স্বীকৃত। যেকোনো উন্নয়নে বনের পরিবেশ ও বন্য প্রাণীর ক্ষতি না হয়, সেদিকে লক্ষ রাখতে হবে। তা ছাড়া চুনতি অভয়ারণ্যের ভেতরে রোহিঙ্গা বসতি বনের স্বাভাবিক পরিবেশকে ব্যাহত করছে।

বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের সহকারী বনসংরক্ষক মো. জাহাঙ্গীর আলম বলেন, ১৯৮৬ সালে প্রতিষ্ঠিত এ অভয়ারণ্য এশীয় হাতির অন্যতম প্রজননকেন্দ্র। বর্তমানে চুনতি অভয়ারণ্যের হাতিগুলো অতিবিপন্ন অবস্থায় রয়েছে। তাই বন বিভাগ, সহব্যবস্থাপনা কমিটিসহ প্রত্যেকেরই এ বন রক্ষায় এগিয়ে আসা উচিত।

বিভাগীয় বন কর্মকর্তা গোলাম মাওলা বলেন, প্রতিনিয়ত বন হারিয়ে যাচ্ছে। আবার চুনতি অভয়ারণ্যের ভেতর দিয়ে চট্টগ্রাম-কক্সবাজার রেলপথ যাবে। এখন অভয়ারণ্যের সুষ্ঠু পরিবেশ ব্যাহত হয় কি না, তা ভেবে দেখা উচিত। উন্নয়ন করতে গিয়ে প্রকৃতির ক্ষতি করা যাবে না।

চুনতি অভয়ারণ্যের সহব্যবস্থাপনা কমিটি ২০১২ সালে বন ও বন্য প্রাণী রক্ষায় বিশেষ অবদান রাখায় জাতিসংঘের ইক্যুয়েটর পুরস্কার লাভ করে।