'রোববান্নি'তে ঘুড়ি ওড়ানো উৎসব
চৈত্রের কড়া রোদ উপেক্ষা করে শিশু-কিশোরদের দিনভর চলে উচ্ছ্বাসমুখর পদচারণা। এতে শামিল হয়েছেন তরুণ-যুবক-বয়স্করাও। সবার একটাই উদ্দেশ্য—ঘুড়ি কেনা। লাল-নীল-সাদা হরেক রঙের ঘুড়ি। ছোট-মাঝারি-বড় সাইজের ঘুড়ি কিনে সবাই মনের আনন্দে আকাশে উড়িয়ে দিচ্ছেন। প্রায় ৩০০ বছর ধরেই এমন আনন্দের সাক্ষী হয়ে আসে বিয়ানীবাজার উপজেলার মানুষ।
উপজেলার সোপাতলা গ্রামের বাসুদেব বাড়িতে চৈত্রের প্রতি রোববার ঘটা করে ঐতিহ্যবাহী এই মেলা বসে। এ উপলক্ষে দিনভর চলে ঘুড়ি ওড়ানোর উৎসব। সে আয়োজনে কেবল ওই গ্রাম কিংবা উপজেলার মানুষ নয়, দূর-দূরান্তের মানুষও উপস্থিত হয়।
সিলেটে মেলাকে স্থানীয়ভাবে ‘বান্নি’ বলা হয়ে থাকে। আর যেহেতু প্রতি রোববার এ মেলা অনুষ্ঠিত হয় তাই এ মেলাটি ‘রোববান্নি’ নামেই সবার কাছে পরিচিত। মেলায় আগতদের অনেকেই স্থানীয় ঐতিহ্যের কারণেই অন্যান্য সামগ্রীর পাশাপাশি বাড়ির ছোটদের জন্য ঘুড়ি কিনে থাকেন।
গতকাল ছিল ‘রোববান্নি’ আয়োজনের শেষ দিন। তাই মানুষের ভিড়ও ছিল লক্ষণীয়। মেলায় রঙিন ঘুড়ি, নাটাই, ঘুড়ি ওড়ানোর সুতা, শিশু-কিশোরদের খেলনা, মাটির জিনিসপত্র, কারুশিল্প, খাবার ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রীসহ নানা ধরনের পসরা বসান ব্যবসায়ীরা। স্থানীয় সংস্কৃতিকর্মী মাসুম আহমদ বলেন, গ্রামীণ সমাজব্যবস্থায় লোকজ মেলাগুলো যে অসাম্প্রদায়িক চেতনার উৎকৃষ্ট উদাহরণ, সেটা এ মেলায় বিভিন্ন ধর্মের মানুষের উপস্থিতিই প্রমাণ করে।
লাউতা গ্রামের দীবেন্দ্র মালাকার ৩৫ বছর ধরে মেলায় ঘুড়ি বিক্রি করছেন। ফাল্গুন-চৈত্র মাস ছাড়া বছরের বাকি সময় তিনি অন্য পেশায় নিয়োজিত থাকেন। তিনি জানান, রঙিন কাগজ, বাঁশ আর সুতা দিয়ে ঘুড়ি তৈরি করা হয়। একেকটি ঘুড়ির দাম ৫ থেকে ১৫০ টাকা পর্যন্ত। ঘুড়ি কেনায় বিশেষত শিশু-কিশোরদের আগ্রহই বেশি।