'রোহিঙ্গাদের ৭০ ভাগ জমি কিনে বা বিয়ে করে বাস করছে'
রোহিঙ্গা শরণার্থীদের ৭০ শতাংশ জমি কিনে কিংবা বৈবাহিক বন্ধনে আবদ্ধ হয়ে দেশে বাস করছে। ৩০ শতাংশ রোহিঙ্গা ভাসমান অবস্থায় রয়েছে। তারা নানা অপরাধে জড়িয়ে পড়ছে বলে জানান চট্টগ্রামের জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন। রোহিঙ্গাদের সম্পর্কে তথ্য দিয়ে সহায়তা করতে জনপ্রতিনিধিদের প্রতি আহ্বান জানান তিনি।
গতকাল রোববার চট্টগ্রাম জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় এসব কথা বলেন মেজবাহ উদ্দিন। জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে এ সভা হয়।
চট্টগ্রামের জেলা প্রশাসক বলেন, দেশে রোহিঙ্গাদের প্রকৃত সংখ্যা কত, তা জানার জন্য শুমারি শুরু হয়েছে। তাঁদের সম্পর্কে তথ্য দিয়ে সহায়তা করতে জনপ্রতিনিধিদের এগিয়ে আসতে হবে।
সভায় চট্টগ্রাম জেলা পুলিশ সুপার এ কে এম হাফিজ আক্তার বলেন, দু-চারজনের অন্যায়ের জন্য পুরো পুলিশ বাহিনীর বদনাম হচ্ছে। পুলিশের ভালো কাজের প্রশংসা করতে গণমাধ্যমের প্রতি আহ্বান জানান তিনি।
সভায় উপস্থিত ছিলেন চট্টগ্রামের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মমিনুর রশিদ, চট্টগ্রাম চেম্বারের পরিচালক মাহফুজুল হক শাহ, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান প্রমুখ।