'রোজা থ্যাকা কেন্দ্রত ভোট দিবার যামু'
বগুড়ার কাহালু পৌর নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র পদপ্রার্থী হেলাল উদ্দিন কবিরাজের নারী সমর্থকদের পক্ষ থেকে ভোটের দিন রোজা রেখে ও উপোস থেকে ভোটকেন্দ্রে যাওয়ার ঘোষণা দেওয়া হয়েছে।
গতকাল সোমবার নির্বাচনী এলাকায় গিয়ে দেখা যায়, শত শত নারী নৌকা প্রতীকের পক্ষে মিছিল করছেন। মিছিল শেষে তাঁরা কাহালু উচ্চবিদ্যালয় মাঠে গিয়ে জড়ো হন। বিভিন্ন ওয়ার্ডের নারী দলনেতার নেতৃত্বে ১৫টি দলে বিভক্ত হয়ে প্রচারণা শেষে বিদ্যালয় মাঠে বসেছেন তাঁরা।
সারাই মহল্লার সাবেরা বিবি বলেন, ‘নৌকা মার্কার মেয়র প্রার্থী হেলাল উদ্দিন কবিরাজ মেয়র থাকা অবস্থায় হামাকেরে মহল্লার রাস্তা ও অলিগলি পাকা কর্যা দিচে। হামরা ছলের বিয়্যা কিংবা ছলপোলের লেকাপড়ার জন্য সাহায্য লিবার যাইয়্যা কোনো দিন ফেরত আসিনি। আজ দুই সপ্তাহ যাবৎ তাঁর জন্যি ভোটের ক্যানভাস করিছি। আবার আজ কথা দিয়ে গেনু ভোটের দিন রোজা থ্যাকা কেন্দ্রত ভোট দিবার যামু।’ প্রায় একই ধরনের মতামত ব্যক্ত করেন, সুফিয়া বেগম ও সাবেজন বেওয়া, সাঘাটিয়া মহল্লার জলি বেগম, পাল্লাপাড়া মহল্লার পারভিন আক্তার, জামতলা মহল্লার ইমরুজ আশরাফিসহ ১০-১২ জন।
সারাই মহল্লার সুচিত্রা রানী প্রামাণিক বলেন, ‘হামরা মেয়রের জন্যি প্রকাশ্যে ভোটের ক্যানভাস করিছি। আজ থ্যাকা ক্যানভাস বন্ধ হলেও ভোটের দিন সকাল পর্যন্ত মহল্লায় পাহারা দিমো। কেউ যেন ট্যাকা দিয়্যা ভোট কিনা না পারে। আবার আমরা ভোটের দিন উপোস থাকমো। ফলাফলের পর উপোস খোলমো।’ একই ধরনের কথা বলেন একই মহল্লার বেলী রানী, পালপাড়া মহল্লার অঞ্জলি রানী মহন্ত ও ললিতা রানী।
মাঠে উপস্থিত মেয়র পদপ্রার্থী হেলাল উদ্দিন কবিরাজ বলেন, ‘আমার উন্নয়নমূলক কাজের জন্যিই আজ মহিলারা মাঠে নেমেছেন।’ অন্য এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘কেউ যদি আপনার জন্য দিনরাত কাজ করে তাকে কী খালি হাতে আপনি ছেড়ে দেবেন।’