'রোজা'য় খুশির বন্যা

দৌলতদিয়া-খুলনা মহাসড়কের রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পশ্চিম উজানচর রমজান মাতুব্বর পাড়া সড়কের পাশ থেকে হঠাৎ ভেসে এল নবজাতকের কান্নার আওয়াজ। স্থানীয় আবদুস ছাত্তার সরদারের স্ত্রী আন্না বেগম কাছে গিয়ে দেখেন, রক্তমাখা ওড়নায় একটি নবজাতক পড়ে আছে। পিঁপড়ায় জড়ানো। শিশুটি কেঁদেই চলেছে। পরম মমতায় দ্রুত কোলে তুলে নিলেন আন্না।
গত শনিবার সকালে এভাবেই নবজাতকটি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেন আন্না। তিনি বলেন, সকাল ছয়টার দিকে ঘুম থেকে জেগে তিনি উঠান ঝাড় দিচ্ছিলেন। এ সময় কান্নার আওয়াজ পেয়ে তিনি বাড়ির সামনে মহাসড়কের প্রায় ১৫-১৬ ফুট পূর্ব দিকের ঢালুতে গিয়ে নবজাতকটি দেখতে পান। তিনি দ্রুত শিশুটি উদ্ধার করে বাড়িতে নিয়ে পিঁপড়াগুলো পরিষ্কার করে তেল মেখে দেন। ঘটনা শুনতে পেয়ে ছুটে আসেন প্রতিবেশী সানোয়ার খাঁন। সানোয়ার-সালমা দম্পতির কোনো সন্তান নেই। তাঁরাই শিশুটিকে দ্রুত নিয়ে যান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে ভিড় সামলাতে ও বুকের দুধের চাহিদা মেটাতে শিশুকে নিয়ে গতকাল রোববার শ্বশুর কোব্বাত কাজীর পৌরসভার দেওয়ান পাড়ার বাড়িতে ওঠেন সানোয়ার।
এ ব্যাপারে জানতে চাইলে সানোয়ার বলেন, ‘আল্লাহর কাছে অনেক কান্নাকাটি করেছি, ডাক্তার-কবিরাজ দেখিয়েছি। হয়তো আল্লাহ আমাদের জন্যই শিশুটিকে পাঠিয়েছেন। ফুটফুটে ফরসা, সুন্দর মেয়ে পেয়ে আমরা খুবই আনন্দিত।’ তিনি ঝামেলা এড়াতে গোয়ালন্দ ঘাট থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
দৌলতদিয়া ঘাটের শ্রমিক সানোয়ারের স্ত্রী সালমা খাতুন বলেন, ‘আমি যে কী খুশি ভাষায় বলে বোঝাতে পারব না। মায়ের স্বাদ কখনো পাইনি, শিশুটিকে কোলে তুলে নিয়ে সেই স্বাদ পেয়েছি। আমার শ্বশুর আদর করে ওর নাম রেখেছে সুমাইয়া। রোজার মাসে জন্ম নিয়েছে বলে আমি যোগ করেছি রোজা। পুরো নাম সুমাইয়া আকতার রোজা।’
সালমার বড় ভাই ইকবাল কাজী বলেন, দুই ভাই ও এক বোনের মধ্যে সালমা সবার ছোট। দীর্ঘ নয় বছরেও তাঁর কোনো সন্তান না হওয়ায় তাঁরা দুশ্চিন্তায় ছিলেন। এখন বোন ও বোনজামাইয়ের মুখে হাসি দেখে তাঁরা আনন্দিত।
নবজাতক উদ্ধার ও জিডির বিষয়টি নিশ্চিত করেছেন গোয়ালন্দ ঘাট থানার দ্বিতীয় কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) মোশাররফ হোসেন।