'রোড টু দ্য হোয়াইট হাউস' নামে ফেসবুক চ্যাট শুরু করছে মার্কিন দূতাবাস
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের অংশ হিসেবে ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাস আজ ১৪ জুন থেকে ‘রোড টু দ্য হোয়াইট হাউস’ শীর্ষক ধারাবাহিক ফেসবুক চ্যাট শুরু করতে যাচ্ছে। এই ফেসবুক চ্যাট ২০১৭ সালের জানুয়ারিতে প্রেসিডেন্টের শপথ নেওয়া পর্যন্ত চলবে। প্রতি মাসে একজন করে নির্বাচন বিশেষজ্ঞ ঘণ্টাব্যাপী ফেসবুক চ্যাটে অংশ নেবেন।
ঢাকায় মার্কিন দূতাবাস গতকাল সোমবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। এই প্রথমবারের মতো কোনো যুক্তরাষ্ট্র দূতাবাস ফেসবুক পেজের মাধ্যমে নির্বাচন-সংক্রান্ত সরাসরি চ্যাটের আয়োজন করেছে। মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট বলেন, ‘আমরা আনন্দিত যে আমাদের প্রায় ৩০ লাখ ফেসবুক ভক্ত ও বাংলাদেশি গণমাধ্যমকে যুক্তরাষ্ট্রের নির্বাচনপ্রক্রিয়া সম্পর্কে জানাতে পারব।’
মার্কিন দূতাবাসের বিজ্ঞপ্তিতে আজ রাত আটটায় নির্বাচনী চ্যাট ‘ভোট রেজিস্ট্রেশন’-এ অংশগ্রহণ করার অনুরোধ জানানো হয়েছে। চ্যাটে থাকবেন চেঞ্জ.অর্গ-এর চেঞ্জ পলিটিক্স পার্টনারশিপের পরিচালক অ্যাড্রিয়েনে লিভার। চেঞ্জ.অর্গ বিশ্বের বৃহত্তম ও দ্রুত বর্ধমান সামাজিক কর্মকাণ্ডের মঞ্চ, যেখানে বিশ্বের ১০ কোটির বেশি ব্যবহারকারী রয়েছেন। আরও তথ্যের জন্য দূতাবাসের ফেসবুক পেজ দেখুন https://www.facebook.com/bangladesh.usembassy