'রোহিঙ্গা নারীদের প্রজনন স্বাস্থ্যের প্রতি গুরুত্ব দিতে হবে'

সাবেক তত্ত্বাবধায়ক সরকারে উপদেষ্টা ও মানবাধিকারকর্মী সুলতানা কামাল বলেছেন, রোহিঙ্গা নারীরা রক্ষণশীল সমাজ থেকে এসেছেন। বাংলাদেশে আশ্রয় নেওয়া এই নারীরা বাইরে গিয়ে সহায়তা নিতেও বিব্রত বোধ করেন। ক্যাম্পগুলোতে অন্ধকার পরিবেশে এবং ক্যাম্পের ভেতরে পাশাপাশি অন্যান্য অপরিচিত মানুষের সঙ্গে থাকতে নারী ও কিশোরীরা নিরাপদ বোধ করেন না। শৌচাগার দূরে হওয়ায় অনেক সময় ঘরেই তাঁরা টয়লেট করতে বাধ্য হন।
রাজধানীতে আজ বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ উইমেন্স হিউম্যানিটেরিয়ান প্ল্যাটফর্ম আয়োজিত এক সংবাদ সম্মেলনে সুলতানা কামাল এসব কথা বলেন। তিনি এ প্ল্যাটফর্মের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন। গত অক্টোবর মাসে এ প্ল্যাটফর্ম যাত্রা শুরু হয়েছে। এর বর্তমান সদস্যসংখ্যা ৪০ জন।
সুলতানা কামাল বলেন, ক্যাম্পগুলোতে নারী ও কিশোরীদের প্রজনন স্বাস্থ্যের বিষয়টিতে গুরুত্ব দিতে হবে। তাঁদের জন্য মনো-সামাজিক কাউন্সেলিংয়ের ব্যবস্থাও করতে হবে। মিয়ানমারের রাখাইন রাজ্যের এই রোহিঙ্গাদের ওপর যারা অন্যায় করেছে, গণহত্যার সঙ্গে যারা যুক্ত—তাদের বিচারের আওতায় আনতে হবে। রোহিঙ্গাদের মানবিক মর্যাদা দিয়ে মিয়ানমারে ফেরত নিতে হবে বলে দাবি করেন তিনি।
সংবাদ সম্মেলনে আরও জানানো হয়েছে, উইমেন্স হিউম্যানিটেরিয়ান প্ল্যাটফর্মের ১০ জন সদস্য গত ৮ থেকে ১০ ডিসেম্বর কক্সবাজারের উখিয়ার বালুখালীর ১ ও ২ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন। দলের সদস্যরা ২০ জন রোহিঙ্গা নারীর সঙ্গে কথা বলেন। এর বাইরে স্থানীয় প্রশাসন এবং বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিদের সঙ্গেও কথা বলেন তাঁরা। রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনের সার্বিক পরিস্থিতি জানানোর জন্যই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
প্ল্যাটফর্মের সদস্য মমতাজ খাতুন সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান। লিখিত বক্তব্যে নারী ও মেয়েশিশুদের নিরাপত্তা ও সুরক্ষায় ক্যাম্পগুলোতে পর্যাপ্ত আলোর ব্যবস্থা করা, সঠিক দূরত্ব ও প্রবেশগম্যতা বিবেচনায় নারীবান্ধব সেবা কেন্দ্রের সংখ্যা বাড়ানো, ত্রাণকাজে নারীর অংশগ্রহণ বাড়ানোসহ মোট ১১টি সুপারিশ তুলে ধরা হয়েছে।
প্ল্যাটফর্মের সদস্যসচিব নাজমুন নাহার সংবাদ সম্মেলন শেষে প্ল্যাটফর্ম সম্পর্কে প্রথম আলোকে বলেন, দেশে বিভিন্ন সংগঠন কাজ করছে। তবে শুধু নারী ও জেন্ডারের বিষয়টিকে গুরুত্ব দিতে এ প্ল্যাটফর্ম যাত্রা শুরু করেছে। বিভিন্ন দুর্যোগ ও মানবিক সংকটে এ প্ল্যাটফর্ম কাজ করবে।