'রোহিঙ্গাদের নির্বিচারে হত্যা করছে'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রোহিঙ্গা যুবক আমিন (ছদ্মনাম)। মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গাবিরোধী অভিযানে হত্যা করা হয়েছে তাঁরা বাবা ও দুই বোনকে। অনেক কষ্টে পরিবারের অন্য পাঁচ সদস্যকে নিয়ে বাংলাদেশে ঢুকতে পেরেছেন তিনি।

কক্সবাজারে টেকনাফের লম্বা বিল এলাকায় গতকাল শনিবার কথা হয় আমিনের সঙ্গে। আমিন জানান, রাখাইনের বাদানা গ্রামে তাঁদের বাড়ি। সেখানে নির্বিচারে জবাই করে হত্যা করা হচ্ছে রোহিঙ্গাদের। তাঁর দুই বোন ও বাবাকে মেরে ফেলা হয়েছে। কোনো রকমে জীবন নিয়ে পালিয়েছেন তিনি ও তাঁর পরিবারের অন্য পাঁচজন।

আমিন বলেন, বাদানা গ্রাম থেকে ১২ দিন ধরে হেঁটে পাহাড় ও সমুদ্র ডিঙিয়ে বাংলাদেশ সীমান্তে ঢুকতে পেরেছেন তাঁরা। এ সময় প্রায় অনাহারে থেকেছেন পরিবারের সবাই।

কথা বলতে বলতে পাশে মাটিতে শুয়ে থাকা মাকে দেখান আমিন। অসুস্থ বৃদ্ধা মা ক্লান্ত-আতঙ্কিত। দেখলেই বোঝা যায়, আর চলার শক্তি নেই তাঁর।

কীভাবে এতটা পথ অসুস্থ মাকে নিয়ে এলেন? জবাবে আমিন বলেন, ‘মাকে ঝুড়িতে বসিয়ে সেই ঝুড়ির সঙ্গে রশি বেঁধে লাঠি দিয়ে কাঁধে করে নিয়ে এসেছি। দুই ভাই মিলে এই কাজ করেছি।’

গত ২৫ আগস্ট রাখাইন রাজ্যে ৩০টি পুলিশ ও সেনাচৌকিতে হামলা হয়। এরপর সেখানে সেনা অভিযান শুরু হলে প্রাণভয়ে সীমান্ত পেরিয়ে বাংলাদেশের পথে রোহিঙ্গাদের ঢল নামে। পালিয়ে আসা রোহিঙ্গারা সীমান্তের ওপারে হত্যা, ধর্ষণ, ঘরবাড়িতে অগ্নিসংযোগ ও পরিকল্পিত দমন অভিযানের বিবরণ দেয়।