'রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে হবে'

রোহিঙ্গা সমস্যা মোকাবিলায় মিয়ানমারকে কার্যকারী পদক্ষেপ নিতে বিশ্ব জনমত সৃষ্টি করার জন্য আইপিইউভুক্ত দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া। রাশিয়ায় চলমান ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) সম্মেলনে গতকাল সোমবার তিনি এই আহ্বান জানান।
সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সাধারণ আলোচনায় অংশ নিয়ে ফজলে রাব্বী মিয়া বলেছেন যে বাংলাদেশে পালিয়ে আসা সব রোহিঙ্গাকে মিয়ানমারে পূর্ণ নাগরিকের মর্যাদা দিয়ে নিঃশর্তভাবে নিজ দেশে ফিরিয়ে নিতে হবে।
ডেপুটি স্পিকার বলেন, বর্তমান বিশ্বে যে আলোচিত সাংস্কৃতিক যুদ্ধ চলছে তা মোকাবিলায় শান্তির দীক্ষা খুবই জরুরি; যা বিরোধ নিষ্পত্তিতে শান্তিপূর্ণ ভূমিকা রাখবে। তাই সাংস্কৃতিক ঐক্য খুবই জরুরি। সাংস্কৃতিক অধিকার সর্বজন স্বীকৃত একটি অন্যতম মানবাধিকার। তাই বিশ্বের প্রতিটি মানুষ তাদের নিজস্ব সংস্কৃতি, ভাষা, ধর্মের চর্চা ও প্রচারের অধিকার সংরক্ষণ করে। তিনি বলেন, বাংলাদেশ এমন একটি দেশ যেখানে সব ধর্ম-বর্ণের মানুষ নিজস্ব সাংস্কৃতিক ঐতিহ্য, শিক্ষা ব্যবস্থা, ধর্মীয় আচার অনুষ্ঠান পালনের মাধ্যমে নিজস্ব ভূখণ্ডে শান্তিপূর্ণভাবে বসবাস করছে।