'রোহিঙ্গাদের মানবিক মর্যাদা নিশ্চিত করতে হবে'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রোহিঙ্গা নির্যাতনের প্রতিবাদে আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন সুলতানা কামাল। ছবি: সাইফুল ইসলাম
রোহিঙ্গা নির্যাতনের প্রতিবাদে আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন সুলতানা কামাল। ছবি: সাইফুল ইসলাম

মানবাধিকারকর্মী সুলতানা কামাল বলেছেন, মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে আসা রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার কোনো বিকল্প নেই। তাদের মানবিক মর্যাদা নিশ্চিত করতে হবে। একইভাবে তাদের নিজ দেশে ফিরিয়ে নেওয়ারও বিকল্প নেই। তাদের নিজ দেশে নিরাপদে ফিরিয়ে নেওয়ার জন্য চাপ সৃষ্টি করতে হবে।

আজ বুধবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) মিয়ানমারের রোহিঙ্গা সংখ্যালঘুদের হত্যা ও নির্যাতনের প্রতিবাদে ও মানবাধিকার রক্ষার দাবিতে নাগরিক সমাজের ব্যানারে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে সুলতানা কামাল এসব কথা বলেন।

সুলতানা কামাল বলেন, রোহিঙ্গা সমস্যা সমাধানে প্রধানমন্ত্রী নিজেই দায়িত্ব নিয়েছেন। তাই বলা যায়, সর্বোচ্চ পর্যায় থেকে উদ্যোগ নেওয়া হয়েছে। তবে এই কার্যক্রম যথেষ্ট কি না ও অন্যান্য দেশ উদ্বুদ্ধ হচ্ছে কি না, তা দেখতে হবে। লিখিত বক্তব্যে তিনি মোট ১১টি সুপারিশ পেশ করেন। এতে বলা হয়, ‘রোহিঙ্গা সমস্যার শান্তিপূর্ণ সম্মানজনক সমাধান না হলে এই অঞ্চলের জন্য বিশেষত ভারতসহ মিয়ানমারের প্রতিবেশী দেশগুলোর জন্য একটি প্রধান ও স্থায়ী নিরাপত্তা সমস্যার সৃষ্টি হবে বলে আমরা আশঙ্কা করছি। যার সুযোগ নেওয়ার হীন উদ্দেশ্যে আন্তর্জাতিক ধর্মীয় উগ্রপন্থী গোষ্ঠীগুলো আগে থেকেই সক্রিয় আছে বলে আমাদের দৃঢ় বিশ্বাস। তাই সংশ্লিষ্ট সব দেশের সরকারকে এই মর্মে এখনই সতর্ক হওয়ার আহ্বান জানাচ্ছি।’

রোহিঙ্গা সমস্যা সমাধানে প্রধানমন্ত্রী নিজেই দায়িত্ব নিয়েছেন। তাই বলা যায়, সর্বোচ্চ পর্যায় থেকে উদ্যোগ নেওয়া হয়েছে। তবে এই কার্যক্রম যথেষ্ট কিনা ও অন্যান্য দেশ উদ্বুদ্ধ হচ্ছে কিনা, তা দেখতে হবে।’

অনুষ্ঠানে বক্তব্য রাখেন মানবাধিকারকর্মী খুশি কবির, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক এম এম আকাশ, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রানা দাশগুপ্ত প্রমুখ।

খুশি কবির বলেন, সবাইকে ঐক্যবদ্ধভাবে সমস্যা সমাধানে সচেষ্ট থাকতে হবে। নারীদের প্রতি বিশেষ নজর রাখতে হবে। শরণার্থীশিবিরে তারা যেন কোনো সমস্যায় না পড়ে, তা নিশ্চিত করতে হবে। এই সমস্যার একটি রাজনৈতিক ফয়সালা হতে হবে।

সংবাদ সম্মেলনে মিয়ানমারের স্টেট কাউন্সেলর অং সান সু চির গতকালের বক্তব্য নিয়ে হতাশা প্রকাশ করা হয়।