'রোহিঙ্গাদের রক্ষা করুন'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মিয়ানমারে রো​হিঙ্গাদের ওপর নির্যাতন বন্ধের দাবিতে গতকাল গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর বাজারে কেন্দ্রীয় জামে মসজিদসহ কয়েকটি মসজিদের কয়েক শ মুসল্লি বিক্ষোভ করেন l ছবি: প্রথম আলো
মিয়ানমারে রো​হিঙ্গাদের ওপর নির্যাতন বন্ধের দাবিতে গতকাল গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর বাজারে কেন্দ্রীয় জামে মসজিদসহ কয়েকটি মসজিদের কয়েক শ মুসল্লি বিক্ষোভ করেন l ছবি: প্রথম আলো

মিয়ানমারে রোহিঙ্গা মুসলমানদের ওপর দমন-নিপীড়নের প্রতিবাদে গতকাল শুক্রবার নারায়ণগঞ্জ, গাজীপুর ও মুন্সিগঞ্জে বিক্ষোভ সমাবেশ হয়েছে। এসব কর্মসূচি থেকে অবিলম্বে রোহিঙ্গা নির্যাতন বন্ধের আহ্বান জানানো হয়।
নারায়ণগঞ্জ: গতকাল জুমার নামাজের পর বন্দরের চৌরাপাড়া সোমবাড়িয়া বাজারে মানববন্ধন করেন মুসল্লিরা। এ সময় অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন রফিকুল ইসলাম। বক্তব্য দেন কাউসার মাহমুদ, জাবের আলম, শামীম সরদার প্রমুখ। বক্তারা বলেন, মিয়ানমারে রোহিঙ্গাদের ওপর বর্বর নির্যাতন চালাচ্ছে দেশটির সেনাবাহিনী। অবিলম্বে তা বন্ধ করতে হবে।
গাজীপুর: জুমার নামাজের পরে টঙ্গীর বিভিন্ন মসজিদের মুসল্লিরা মিছিলসহ কলেজগেট এলাকায় সমবেত হন। একপর্যায়ে তাঁরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে সমাবেশ করেন। এতে বেলা দুইটা থেকে তিনটা পর্যন্ত মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। ফলে আবদুল্লাহপুর থেকে চান্দিনা চৌরাস্তা পর্যন্ত ১০ কিলোমিটার যানজট সৃষ্টি হয়।
একই সময়ে কালিয়াকৈর উপজেলার সফিপুর বাজারে বিক্ষোভ মিছিল করেন মুসল্লিরা। এতে বাজারের কেন্দ্রীয় জামে মসজিদসহ আশপাশের কয়েকটি মসজিদের শত শত মুসল্লি অংশ নেন।
মুন্সিগঞ্জ: জুমার নামাজ শেষে মুন্সিগঞ্জ শহরের লিচুতলা থেকে বিক্ষোভ মিছিল বের করেন মুসল্লিরা। মুন্সিগঞ্জ আহলে সুন্নাত ওয়াল জামাআত এ কর্মসূচির আয়োজন করে। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রেসক্লাব কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা রোহিঙ্গা নির্যাতনের প্রতিবাদ জানিয়ে বলেন, বাংলাদেশ সরকারকে রোহিঙ্গাদের পাশে দাঁড়াতে হবে। রোহিঙ্গাদের বাঁচাতে জাতিসংঘকেও ভূমিকা রাখার আহ্বান জানান তাঁরা।
প্রতিবাদ সভা শেষে প্রেসক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন আহলে সুন্নাত ওয়াল জামাআতের মুন্সিগঞ্জ জেলার সভাপতি মনছুর আহম্মেদ, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, আইনজীবী মজিবুর রহমান প্রমুখ।