‘রৌদ্রে-জলে সেই-স্মৃতি মরে না’
সিলেটের ঐতিহ্যবাহী কিন ব্রিজের পাশাপাশি বন্দরবাজার। তারপর একে একে জিন্দাবাজার, চৌহাট্টা, দরগাগেট ও আম্বরখানা। আশপাশে বারুতখানা, স্টেডিয়ামপাড়া, রিকাবীবাজার ও লামাবাজার এলাকা। চারদিকে মানুষ আর মানুষ। সবাই মিলেমিশে একাকার। যেন জনস্রোত! এ স্রোত এসে মিশেছে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে। সবার প্রাণে প্রাণে বিজয়ের উচ্ছ্বাস। বিজয়ের ৪০ বছরে এসে সবার দৃপ্ত উচ্চারণ, ‘মানবতাবিরোধীদের বিচার করে দেশ কলঙ্কমুক্ত করতে চাই।’ শহীদ মিনার পরিচর্চার কাজে নিয়োজিত মুক্তিযোদ্ধা ওয়াতির আলী (৬৬) বললেন, ‘যেন সেই দিন, সেই বিজয়ক্ষণ। বানের পানির মতো বাঙালি নেমে এসেছে রাজপথে। এখনো চোখে ভাসছে সেই দিনের কথা।’ বলতে বলতে কণ্ঠ ভারী হয়ে ওঠে ওয়াতির আলীর। দ্রুত শ্বাস-প্রশ্বাস নিতে থাকেন। চোখের কোণে জমা হওয়া সামান্য পানিটুকু মুছে আবারও বলতে থাকেন, ‘৪০ বছর হয়ে গেল। ওই সব কুখ্যাত রাজাকারের বিচার হয়নি। আমার কোনো চাওয়া-পাওয়া নেই। এই শেষ বয়সে ওদের বিচার দেখে মরতে চাই।’কথা হয় একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আখতারুন্নেসা বেগমের সঙ্গে। লাল-সবুজ রঙের শাড়ি পরা ওই ছাত্রীটি আত্মবিশ্বাসের সঙ্গে বলেন, ‘দেশ নিয়ে হতাশার কিছু নেই। আমাদের যেমন ব্যর্থতা রয়েছে, তেমনি অনেক সাফল্যও রয়েছে। মুক্তিযোদ্ধারা আমাদের একটি স্বাধীন দেশ দিয়েছেন। আমরা এখন এই দেশটাকে নিজেদের মতো করে শোষণহীন-দুর্নীতিমুক্ত হিসেবে গড়ে তুলব।’কবি-সম্পাদক-সাংস্কৃতিক ব্যক্তিত্ব শুভেন্দু ইমাম ১৯৭১ সালের বিজয়ের সেই মুহূর্তটিকে অভিহিত করেছেন কবি বিষ্ণু দের ‘রৌদ্রে-জলে সেই-স্মৃতি মরে না’ পঙিক্তর মাধ্যমে। তিনি বলেন, ‘৪০ বছর আগে একটা আদর্শ, লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে এই দেশ স্বাধীন হয়েছিল। অথচ এর কোনো বাস্তবায়ন হয়নি। অতীতে মুক্তিযুদ্ধের বিরোধীরা যেমন সোচ্চার ছিল, এখনো রয়েছে। সেটা আমাদের আশাহতের মূল কারণ। আমরা আদালতের রায়ের পর ভেবেছিলাম বাহাত্তরের সংবিধানে ফিরে যাব। কিন্তু সেটা এখনো হচ্ছে না কেন? যুুদ্ধাপরাধীদের বিচারে কেন এত কালক্ষেপণ?’সন্ধ্যায় ‘আলোর মিছিল, আয়োজনে শ্রুতি’ ব্যানারসংবলিত একটা বিজয় মিছিল নগরের প্রধান সড়ক দিয়ে শহীদ মিনারমুখী হয়ে চলে গেল। এ মিছিল থেকে ‘তোমার দেশ, আমার দেশ, বাংলাদেশ, বাংলাদেশ’ শিরোনামের একটি দৃপ্ত স্লোগান ভেসে আসছিল। আশপাশের লোকজন দুই হাত তুলে স্লোগানে সমর্থন জানায়। রাস্তায় দাঁড়িয়ে থাকা খেলাঘর সিলেটের বিভাগীয় সম্পাদক তাজুল ইসলাম বাঙালি মিছিলের দিকে একদৃষ্টিতে তাকিয়ে আছেন। তিনি বিড় বিড় করে বললেন, ‘এই দেশ নতুন প্রজন্মের হাত ধরে এগিয়ে যাবেই।’শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের প্রধান মুহম্মদ জাফর ইকবাল প্রথম আলোকে বলেন, ‘বিজয় দিবস একান্তই আমাদের। অন্যান্য দেশে শুধু স্বাধীনতা দিবস থাকে, আলাদা করে বিজয় দিবস থাকে না। আমাদের দুটোই রয়েছে। তার কারণ, আমরা যুদ্ধ করে বিজয় অর্জন করেছি। তরুণ প্রজন্মের এটা জেনে রাখা উচিত যে, আমরা এমনি এমনি স্বাধীনতা অর্জন করিনি। যুদ্ধ করেই স্বাধীনতা অর্জন করেছি।’