'র্যাব সোর্সের' বিরুদ্ধে লিমনের মায়ের মামলা
এক লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ এনে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) কথিত সোর্স পরিচয়দানকারী ইব্রাহিমসহ চারজনের বিরুদ্ধে আদালতে মামলা করেছেন র্যাবের গুলিতে পা হারানো ঝালকাঠির রাজাপুরের শিক্ষার্থী লিমন হোসেনের মা হেনোয়ারা বেগম।
গত রোববার দুপুরে ঝালকাঠির জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে তিনি এ মামলা করেন। বিচারক রুবাইয়া আমিনা অভিযোগ আমলে নিয়ে তা রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) তদন্ত করে প্রতিবেদন দেওয়ার নির্দেশ দেন।
মামলার আরজিতে উল্লেখ করা হয়, ২০১১ সালের ২৩ মার্চ বাড়ির পাশের মাঠে গরু আনতে গিয়ে র্যাবের গুলিতে পঙ্গু হন রাজাপুরের সাতুরিয়া গ্রামের শিক্ষার্থী লিমন হোসেন। এ ঘটনার পর থেকে র্যাবের সোর্স পরিচয়দানকারী প্রতিবেশী ইব্রাহিম হাওলাদার, তাঁর চাচাতো ভাই মো. বাদশা, মোস্তফা হাওলাদার ও শ্যালক কাঞ্চন হাওলাদার লিমনের মায়ের কাছে এক লাখ টাকা চাঁদা দাবি করে আসছেন।
হেনোয়ারা বেগম অভিযোগ করেন, আসামিরা তাঁকে বিভিন্ন সময় বলেন, লিমন চিকিৎসাধীন অবস্থায় সরকার, র্যা ব ও বিভিন্ন শ্রেণির মানুষের কাছ থেকে লাখ লাখ টাকা সহায়তা পেয়েছেন। সেই টাকা থেকে এক লাখ টাকা চাঁদা দিতে হবে। টাকা না দিলে লিমন ও তাঁর পরিবারের সদস্যদের মেরে বস্তায় ভরে নদীতে ফেলে দেওয়ার হুমকি দেন আসামিরা।
মামলায় আরও অভিযোগ করা হয়, দাবি করা টাকা না দেওয়ায় ৩ মে হেনোয়ারা বেগমকে পিটিয়ে আহত করেন আসামিরা। এ ঘটনার পর তিনি রাজাপুর থানায় গেলেও মামলা নেয়নি পুলিশ। তাই বাধ্য হয়ে আদালতে মামলা করেছেন বলেও জানান হেনোয়ারা বেগম।
৩ মে সকালে লিমনের বাবা তোফাজ্জেল হোসেন ও মা হেনোয়ারা বেগম কাউখালী থেকে রাজাপুরের সাতুরিয়া গ্রামের বাড়িতে যান। দুপুরে লিমনের মা কুঠার দিয়ে ঘরের পাশের একটি মেহগনিগাছ কাটছিলেন। এ সময় ইব্রাহিম হাওলাদার ও তাঁর শ্যালক কাঞ্চন হাওলাদার লোকজন নিয়ে সেখানে যান। এরপর ইব্রাহিম লিমনের মায়ের হাত থেকে কুঠার ছিনিয়ে নিয়ে কুঠারের হাতল দিয়ে তাঁকে পিটিয়ে আহত করেন। পরিবারের সদস্যরা তাঁকে উদ্ধার করে কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। এ নিয়ে ৪ মে প্রথম আলোয় ‘লিমনের মায়ের ওপর হামলা’ শিরোনামে খবর প্রকাশ হয়।