নারায়ণগঞ্জে সাত খুনের ঘটনায় গতকাল শনিবার তৃতীয় দফার গণশুনানিতে সাক্ষ্য দিয়েছেন প্রায় ২০০ জন৷ এর আগে জেলা প্রশাসকের কার্যালয় ও সার্কিট হাউসে অনুষ্ঠিত শুনানির তুলনায় এ সংখ্যা বহুগুণ বেশি৷ এলাকার মানুষের সুবিধার্থে তাঁদের দাবির পর সিদ্ধিরগঞ্জে শুনানির ব্যবস্থা করে কর্তৃপক্ষ৷
গতকাল বেলা ১১টা থেকে বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত সিদ্ধিরগঞ্জ বিদ্যুৎকেন্দ্রের ভেতরে রেস্টহাউসে তৃতীয় দফায় গণশুনানি অনুষ্ঠিত হয়৷ শুনানিতে সাক্ষ্য দেওয়ার জন্য ৩১০ জন নাম তালিকাভুক্ত করেন৷ তবে কমিটি ১৯৮ জনের সাক্ষ্য নিয়েছে৷ এ সময় রেস্টহাউসের সামনে অপেক্ষা করতে দেখা গেছে আরও অনেক নারী-পুরুষকে।
সাতজনকে অপহরণের ঘটনার প্রত্যক্ষদর্শী বলে দাবিদার একজন কাপড় ব্যবসায়ীসহ কয়েকজন সাক্ষ্য দিয়ে বেরিয়ে সাংবাদিকদের বলেন, র্যাবই তাঁদের তুলে নিয়ে গেছে।
তদন্ত কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান জানিয়েছেন, তদন্তের স্বার্থে র্যাবসহ যে কাউকে তাঁরা জিজ্ঞাসাবাদ করবেন। তিনি বলেন, রোববার (আজ) বেলা তিনটায় জেলা সার্কিট হাউসে চতুর্থ দফায় সুশীল সমাজ ও গণমাধ্যমকর্মীদের সাক্ষ্য নেওয়া হবে।
গতকাল সিদ্ধিরগঞ্জের বিভিন্ন এলাকার কয়েক শ নারী-পুরুষ সাক্ষ্য দিতে আসেন। সাক্ষ্য নেওয়া শুরু করার আগে তদন্ত কমিটির পক্ষ থেকে বলা হয়, যাঁরা ঘটনার প্রকৃত প্রত্যক্ষদর্শী, শুধু তাঁরাই যেন সাক্ষ্য দেন৷ তবে এ সময় উপস্থিত সবাই সাক্ষ্য দেওয়ার সুযোগ দাবি করেন৷
সিদ্ধিরগঞ্জের মিজমিজি এলাকার একজন বাসিন্দাকে (৬৫) দিয়ে সাক্ষ্য গ্রহণ কার্যক্রম শুরু করেন তদন্ত কমিটির প্রধান জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব শাহজাহান আলী। এই সাক্ষী সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় হত্যাকারীদের খুঁজে বের করে বিচারের দাবি জানান। তিনি বলেন, প্রশাসন ইচ্ছা করলে ২৪ ঘণ্টার মধ্যেই আসামিদের গ্রেপ্তার করতে পারে।
মিজমিজি এলাকার একজন বৃদ্ধ সাক্ষ্য দিতে এসে কান্নায় ভেঙে পড়েন। তিনি বলেন, গত ১ ফেব্রুয়াির নূর হোসেনের লোকজন নজরুলকে মারতে এসে এলাকায় তাণ্ডব চালায়। তাঁর দাবি, নূর হোসেনই র্যাব দিয়ে সাতজনকে অপহরণ করিয়ে খুন করেছেন।
আরেক সাক্ষী বলেন, ঘটনার দিন নারায়ণগঞ্জ-ঢাকা লিংক রোড দিয়ে ঢাকা যাওয়ার পথে তিনি ফতুল্লা স্টেডিয়ামের একটু সামনে র্যাবের দুটি গািড় দেখেন৷ পরে খবর পান, নজরুলসহ সাতজন আদালত থেকে ফেরার পথে অপহৃত হয়েছেন। তিনি বলেন, ‘বাসায় ফিরে দেখি, প্রতিবেশী আনোয়ার হোসেন আশিকের (এজাহারভুক্ত আসামি) স্ত্রী ঘরের মালামাল নিয়ে অন্যত্র চলে যাচ্ছেন। জিজ্ঞাসা করলে তিনি বলেন, “বাবার বাড়িতে চলে যাচ্ছি”।’
বন্দর থানা এলাকার বাসিন্দা এক ব্যবসায়ী তদন্ত কমিটির কাছে সাক্ষ্য দিয়ে বেরিয়ে সাংবাদিকদের বলেন, গত ২৭ এপ্রিল মেয়ের পরীক্ষা শেষে তাকে নিয়ে তিনি মোটরসাইকেলে লিংক রোড দিয়ে বাসায় ফিরছিলেন৷ বেলা আনুমানিক দেড়টার দিকে তিনি রাস্তায় র্যাব-১১-এর দুটি গাড়ি দাঁড়িয়ে থাকতে দেখেন৷ র্যাবের সদস্যদের প্রশ্ন করলে তাঁরা তাঁকে ধমক দিয়ে চলে যেতে বলেন। ওই সময় অন্য দুটি গাড়ি থেকে কিছু লোককে র্যাবের গাড়িতে জোর করে তোলা হচ্ছিল। এ সময় কয়েকজনের কাছে পিস্তল ছিল, যা দিয়ে অপহৃত ব্যক্তিদের মাথায় আঘাত করা হয়৷ তখন তাঁর ধারণা হয়, র্যাব চেকপোস্ট বসিয়ে অপরাধীদের তল্লাশি করছে।