'র্যাব' পরিচয়ে তিনজনকে অপহরণ করার অভিযোগ
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) পরিচয়ে তিন ব্যক্তিকে অপহরণ করার অভিযোগ উঠেছে। গতকাল বৃহস্পতিবার এ ঘটনা ঘটে। স্থানীয় র্যাব কর্তৃপক্ষ বলেছে, পূর্বশত্রুতার জের ধরে দুর্বৃত্তরা ওই তিন ব্যক্তিকে অপহরণ করে থাকতে পারে।
অপহৃত ব্যক্তিরা হলেন কুলাউড়ার টিলাগাঁও ইউনিয়নের আমানীপুর গ্রামের বাসিন্দা আলখাছ মিয়া (৩৫), আলখাছের ছোট ভাই ফয়ছল আহমদ (১৭) ও তাঁদের পরিচিত ময়মনসিংহের ভালুকা উপজেলার বাসিন্দা আনছার আলী (৩০)।
আলখাছের বড় ভাই আপ্তাব মিয়া বলেন, গতকাল সকালে কালো রঙের একটি মাইক্রোবাসে সাদা প্যান্ট ও টি-শার্ট পরা ১০-১২ জন অস্ত্রধারী বাড়িতে আসেন। তাঁরা নিজেদের র্যাব সদস্য পরিচয় দিয়ে আনছারকে গ্রেপ্তারের জন্য এসেছেন বলে জানান। আপ্তাব বলেন, এক আত্মীয়ের বন্ধু আনছার কিছুদিন আগে তাঁদের বাড়িতে বেড়াতে এসেছেন।
আপ্তাব মিয়া বলেন, ওই সশস্ত্র লোকেরা তাঁদের বলেন, আনছার একটি মামলার আসামি। এ সময় আলখাছ ও ফয়ছলকে জিজ্ঞাসাবাদের জন্য নেওয়ার কথা বলে তিনজনকেই গাড়িতে তুলে তাঁরা দ্রুত চলে যান।
আপ্তাব বলেন, ময়মনসিংহের বাসিন্দা আনছারের বিরুদ্ধে কোনো মামলা আছে কি না, তা তাঁদের জানা নেই। তিনি ব্যবসা করেন বলে তাঁরা জানেন। আর আলখাছের মুদিদোকান রয়েছে। ফয়ছল পেশায় একজন কাঠমিস্ত্রি। তাঁদের সঙ্গে কারও বিরোধ নেই বলে দাবি করেন আপ্তাব।
আপ্তাব বলেন, কুলাউড়া থানা ও শ্রীমঙ্গলে র্যাব-৯-এর ক্যাম্পে খোঁজ নিয়ে তিনজনের কারও সন্ধান মেলেনি। আলখাছ ও ফয়ছলের মুঠোফোনে অনেকবার কল করা হলেও কেউ ধরেনি। এ ব্যাপারে তাঁরা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করবেন।
র্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্পের অধিনায়ক সহকারী পুলিশ সুপার মাঈন উদ্দিন চৌধুরী বলেন, আমানীপুর গ্রামে তাঁরা কোনো অভিযান চালাননি। পূর্বশত্রুতার জের ধরে দুর্বৃত্তরা তিন ব্যক্তিকে অপহরণ করতে পারে বলে তাঁরা ধারণা করছেন। কুলাউড়া থানার পরিদর্শক (তদন্ত) বিনয় ভূষণ রায় বলেন, এ ব্যাপারে অভিযোগ পাওয়া গেলে তদন্ত করা হবে।