'র'-আমেরিকান অ্যাম্বেসির লোক হাওয়া ভবনে বসে থাকত : প্রধানমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আজ শনিবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে যুব মহিলা লীগের জাতীয় সম্মেলনে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি: বাসস
আজ শনিবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে যুব মহিলা লীগের জাতীয় সম্মেলনে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি: বাসস

ভারত ইস্যুতে বিএনপির দ্বৈতনীতির সমালোচনা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিএনপি নেত্রী খালেদা জিয়া ভারতের কাছে গ্যাস বিক্রির মুচলেকা দিয়ে ক্ষমতায় এসেছিল। তাদের মুখে ভারতবিরোধিতার কথা মানায় না। তিনি বলেন, বিএনপি এখন ভারতবিরোধী কথা বললেও আমেরিকান অ্যাম্বেসির লোক, ‘র’-এর লোকেরা তো হাওয়া ভবনে বসেই থাকত এবং সেই নির্বাচনটায় (২০০১ সালে) সম্পূর্ণভাবে আওয়ামী লীগকে হারাবে আর এখান থেকে গ্যাস নেবে।

আজ শনিবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে যুব মহিলা লীগের জাতীয় সম্মেলনে প্রধান অতিথির ভাষণে এসব কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। খবর বাসস।

শেখ হাসিনা বলেন, ২০০১ সালে পার্শ্ববর্তী দেশের কাছে দেশের সম্পদ বিক্রির মুচলেকা দিয়ে ক্ষমতায় আসলেও তারা আজ ভারত বিরোধিতার কথা বলছে। ভারতবিরোধিতার কথা বিএনপির মুখে মানায় না। তিনি আরও বলেন, ‘বিএনপি নেত্রী খালেদা জিয়াই ভারতের কাছে গ্যাস বিক্রির মুচলেকা দিয়ে ক্ষমতায় এসেছিল। তাদের মুখে ভারতবিরোধিতার কথা মানায় না। আমি তো দিইনি বরং চেয়েছিলাম আমার দেশের সম্পদ আগে দেশের মানুষের কাজে লাগবে, ৫০ বছরের রিজার্ভ থাকবে। তারপর আমরা ভেবে দেখব বিক্রি করব কি করব না।’

প্রধানমন্ত্রী বলেন, ‘এখন শুনি খুব ভারতবিরোধী কথা। আমার প্রশ্ন, ২০০১ সালের নির্বাচনে যখন আমেরিকান কোম্পানি আমাদের গ্যাস বিক্রি করতে চাইল ভারতের কাছে, তখন এই গ্যাস বিক্রির মুচলেকা দিয়েছিল কে?’ শেখ হাসিনা আরও বলেন, এখন ভারতবিরোধী কথা বললেও আমেরিকান অ্যাম্বাসি, র-এর লোকেরা তো হাওয়া ভবনে বসেই থাকতেন এবং সেই নির্বাচনটায় সম্পূর্ণভাবে আওয়ামী লীগকে হারাবেন আর এখান থেকে গ্যাস নেবেন। প্রধানমন্ত্রী বলেন, তখন তিনি বলেছিলেন যে তাঁরা গ্যাস পাবেন না, আল্লাহ তাআলাই গ্যাস দেবেন না। বিক্রি তো দূরের কথা এবং তা–ই হয়েছে—গ্যাস পায়নি, দিতেও পারেনি। কিন্তু মুচলেকা তো দিয়েছিল, আজকে তাদের মুখে এত ভারতবিরোধী কথা! উল্লেখ করেন তিনি।

বিএনপির সময়ে কখনো সুষ্ঠু নির্বাচন হতে পারেনি
প্রধানমন্ত্রী বলেন, আজ বিএনপি নির্বাচন নিয়ে কথা বলে, তাদের সময়ে কখনো কোনো সুষ্ঠু নির্বাচন হতে পারেনি। এ প্রসঙ্গে প্রধানমন্ত্রী জিয়াউর রহমানের ‘হা-না’ ভোট, তথাকথিত নির্বাচন আয়োজন যেখানে ভোটারের চেয়ে ভোট কাস্টিং বেশি হয়েছে, ১৫ ফেব্রুয়ারির খালেদা জিয়ার নির্বাচন আয়োজন, মাগুরা, মিরপুর ও ঢাকা-১০ আসনের পুনর্নির্বাচনে ভোট কারচুপির বিষয়গুলো উপস্থাপন করেন।

দালালি করে কে?
প্রধানমন্ত্রী বলেন, ‘১৯৯১ সালে বিএনপি যখন ক্ষমতায় আসে, ভারতে গিয়ে উনি (খালেদা জিয়া) বেশ ঘুরেটুরে আসলেন। যখনই এখানে সাংবাদিকেরা প্রশ্ন করল গঙ্গার পানির কী হলো? উনি বললেন, গঙ্গার পানির কথা, ওহহ, ওটা বলতে তো তিনি ভুলেই গিয়েছিলেন।’ তিনি আরও বলেন, ভারতবিরোধী কথা বললেন, এর আগে তিনি গঙ্গার পানি আদায়ের জন্য ফারাক্কা পর্যন্ত লং মার্চ, আন্দোলনও করেছিলেন, কিন্তু ভারতে গিয়ে তিনি গঙ্গার পানির কথা ভুলেই গেলেন! এ সময় আওয়ামী লীগ সভাপতি প্রশ্ন তোলেন, ‘তাহলে দালালিটা করে কে?’ তিনি বলেন, ‘আওয়ামী লীগ সরকারে আসার পরে আমরা কিন্তু গঙ্গার পানির ন্যায্য হিস্যা আদায় করেছি।’ তিনি আরও বলেন, বঙ্গবন্ধু সীমানা চুক্তি এবং সমুদ্র চুক্তি করে যান, কিন্তু জিয়াউর রহমান, এরশাদ, খালেদা জিয়া—যাঁরাই ওই সময় ক্ষমতায় ছিলেন, তাঁরা কখনো এসব চুক্তির কথা একবারের জন্য বলেননি, সাহসও পাননি। দালালি এমনভাবে ছিল যে এটা করার জন্য সে কথা তাঁরা উচ্চারণও করেননি।

জিয়ার স্যুট-জুতা আসত প্যারিস থেকে
প্রধানমন্ত্রী বলেন, ‘৬৪ হাজার শরণার্থী আমাদের ভারতে ছিল পার্বত্য চট্টগ্রামের। আমি সরকারে এসে পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি করে সেসব শরণার্থীদের ফিরিয়ে এনেছি। বলা হয়েছিল, পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি হলে ফেনী থেকে পার্বত্য চট্টগ্রাম পর্যন্ত সব নাকি ভারত হয়ে যাবে। পার্বত্য শান্তি চুক্তিতেও তারা বাধা দিয়েছে।’

প্রধানমন্ত্রী বলেন, ‘যারা ভারতের কাছ থেকে কিছুই আদায় করতে পারেনি, তারাই আবার ভারতবিরোধী কথা বলছে। আমি একটা কথাই বলব, এ সমস্ত খেলা তারা অনেক খেলেছে। তাদের কোনো দেশপ্রেম নেই। ক্ষমতাটা তাদের কাছে ভোগের বস্তু। কারণ তারা যে যখনই ক্ষমতায় এসেছে, অর্থ–সম্পদের মালিক হয়েছে। কিছু মুষ্টিমেয় লোককেও অর্থ–সম্পদের মালিক করেছে এবং তাদের জোরে ক্ষমতায় থাকার চেষ্টা করেছে।’ জিয়া থেকে শুরু করে সবাই এটাই করেছেন উল্লেখ করে প্রধানমন্ত্রী জিয়ার সম্পদ সম্পর্কে মিডিয়ায় অপপ্রচার প্রসঙ্গে বলেন, ‘প্যারিস থেকে স্যুট আসত (জিয়ার), জুতা আসত। আর কোথা থেকে কোথা থেকে নানা কিছু আসত। আর মরে যাওয়ার পর প্রচার হলো কী জিয়া কিছুই রেখে যায়নি। কেবল ভাঙা স্যুটকেস আর ছেঁড়া গেঞ্জি ছাড়া।’

যুব মহিলা লীগের সভাপতি নাজমা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনের উদ্বোধনী পর্বে বক্তব্য দেন আওয়ামী লীগের নারী ও শিশুবিষয়ক সম্পাদক বেগম ফজিলাতুন নেছা ইন্দিরা, সাধারণ সম্পাদকের প্রতিবেদন পেশ করেন সংগঠনের সাধারণ সম্পাদক অপু উকিল।

এর আগে বেলুন ও পায়রা উড়িয়ে সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এবং যুব মহিলা লীগ নেতাদের সঙ্গে নিয়ে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন করেন। এ সময় সমবেত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশিত হয়। জাতির পিতা বঙ্গবন্ধু, জাতীয় চার নেতা, মুক্তিযুদ্ধের শহীদ এবং গণ-আন্দোলনে আত্মাহুতিদানকারী যুব মহিলা লীগ নেতা-কর্মীদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।