‘লক্ষ্য একটাই, সবার জন্য শিক্ষা’ প্রচারাভিযান শুরু ১ জুন
এবারের বিশ্বকাপ ফুটবলের প্রথম গোলটি উৎসর্গ করা হবে শিক্ষার আলোবঞ্চিত বিশ্বের সাড়ে সাত কোটি শিশুর উদ্দেশে। ২০১৫ সালের মধ্যে নিরক্ষরতা দূর করতে সচেতনতা সৃষ্টির জন্য এবারের বিশ্বকাপের মধ্য দিয়ে বিশ্বব্যাপী ভিন্নধর্মী প্রচারাভিযান চালানো হবে।বাংলাদেশেও আগামী ১ জুন থেকে চালানো হবে ‘লক্ষ্য একটাই: সবার জন্য শিক্ষা’ (ওয়ান গোল: এডুকেশন ফর অল) শীর্ষক এ প্রচারাভিযান। বেসরকারি সংস্থা গণস্বাক্ষরতা অভিযান, বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ও বেসরকারি মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোন এই প্রচারাভিযানে সহায়তা করছে।গতকাল শনিবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা জানানো হয়। সব ধরনের প্রতিষ্ঠানকে এ প্রচারাভিযানে এগিয়ে আসার জন্য সংবাদ সম্মেলনে আহ্বান জানানো হয়।সংবাদ সম্মেলনে গণস্বাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক রাশেদা কে চৌধুরী জানান, প্রচারাভিযান উপলক্ষে ১১ জুন বিশ্বকাপ ফুটবলের উদ্বোধনী খেলাটি দেশের ৬৪টি জেলায় বড় পর্দায় দেখানোর ব্যবস্থা করা হচ্ছে। ঢাকায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম, মিরপুর জাতীয় স্টেডিয়াম ও ধানমন্ডির সুলতানা কামাল মহিলা ক্রীড়া কমপ্লেক্সে বড় পর্দায় খেলা দেখানোর ব্যবস্থা করা হবে। এসব স্থান সবার জন্য উন্মুক্ত থাকবে। এ ছাড়া ১ থেকে ১১ জুন থাকবে প্রচারাভিযানমূলক নানা আয়োজন। এসব আয়োজনের মধ্যে থাকছে, তারকা খেলোয়াড় এবং শিল্পীদের নিয়ে টেলিভিশন ও পত্রিকায় বিভিন্ন অনুষ্ঠান, বিজ্ঞাপন, এসএমএস (মোবাইল বার্তা) ও টক শো।সংবাদ সম্মেলনে রাশেদা কে চৌধুরী ২০১৫ সালের মধ্যে নিরক্ষরতা দূর হবে, এমন আশাবাদ ব্যক্ত করে বলেন, ‘আমরা শুনতে চাই না, এ গোলপোস্ট (২০১৫ সাল) পেছানো হচ্ছে।’সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে বাফুফের সহসভাপতি এফ এম মঞ্জুর হোসাইন ও গ্রামীণফোনের হেড অব কর্পোরেট কমিউনিকেশন সৈয়দ তাহমীদ আজিজুল হক উপস্থিত ছিলেন।