'লক্ষ্য এবার ভিয়েতনাম জয়'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘লক্ষ্য এবার ভিয়েতনাম জয়’ স্লোগান সামনে রেখে গত শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো দ্বিতীয় জাতীয় জীববিজ্ঞান উৎসব।
রাজধানীর বিভিন্ন স্কুল ছাড়াও সারা দেশের ৪৭টি জেলা থেকে এক হাজারেরও বেশি শিক্ষার্থী উৎসবে অংশ নেয়। উৎসবে অংশ নেওয়া পরীক্ষায় বিজয়ীরা আগামী জুলাইতে ভিয়েতনামে অনুষ্ঠেয় আন্তর্জাতিক জীববিজ্ঞান অলিম্পিয়াডে অংশ নেবে।
বাংলাদেশ জীববিজ্ঞান অলিম্পিয়াড কমিটি শুক্রবার এ উৎসবের আয়োজন করে। সকাল নয়টায় বিশ্ববিদ্যালয়ের কার্জন হলে রসায়ন বিভাগের সামনে জাতীয় পতাকা উত্তোলন ও বেলুন উড়িয়ে এ উৎসব শুরু হয়। প্রধান অতিথি হিসেবে উৎসবের উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য অধ্যাপক সহিদ আকতার হুসাইন। তিনি বলেন, নতুন ও খুদে শিক্ষার্থীদের বিজ্ঞান নিয়ে ভাবতে হবে। কীভাবে মানুষ তথা জাতির উন্নতিতে বিজ্ঞানকে কাজে লাগানো যায়, সেটি ভাবতে হবে। বিজ্ঞানকে সবার মাঝে ছড়িয়ে দিতে কাজ করতে হবে।
এ সময় জীববিজ্ঞান অলিম্পিয়াড কমিটির সভাপতি অধ্যাপক রাখহরি সরকার ও সাধারণ সম্পাদক সৌমিক চক্রবর্তী উপস্থিত ছিলেন।
উদ্বোধনের পর ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা তিনটি ভাগে ভাগ হয়ে পরীক্ষায় অংশ নেয়। জীববিজ্ঞানের নানা প্রশ্নের উত্তর লিখে ঘণ্টাখানেক পর আবারও জড়ো হয় রসায়ন বিভাগের সামনের মঞ্চে। পরীক্ষা দিয়ে আসা শিক্ষার্থীরা এবার প্রস্তুত শিক্ষকদের পরীক্ষা নিতে। ‘দুধ তো আদর্শ খাবার, কিন্তু দুধ খেলে বদহজম হয় কেন?’, ‘এককোষী জীব একটা থেকে দুইটা, দুইটা থেকে চারটা এভাবে জন্ম হয়, তবে তারা মরে কীভাবে?’, ‘হাঁসের ডিম সাদা আর মুরগির ডিম লাল হয় কেন?’—এমন হাজারো প্রশ্নের সম্মুখীন হতে হয় শিক্ষকদের।
প্রথমবারের মতো এই অলিম্পিয়াডে বিজ্ঞানী গোপালচন্দ্র ভট্টাচার্য, এ কে এম নুরুল ইসলাম, এস এম হাসানুজ্জামান ও উপেন্দ্রনাথ ব্যানার্জির নামে চারটি পুরস্কার প্রবর্তন করা হয়। অলিম্পিয়াড পরীক্ষায় সর্বোচ্চ নম্বরধারী চারজনকে এই পুরস্কার দেওয়া হয়েছে।
এরা হলো তাসনি মুতাহা, খন্দকার আখতারুল ইসলাম, সৈয়দা আয়েশা সিদ্দিকা ও ঋধি রিত্তিকা বসু। এ ছাড়া মোট ৬০ জন বিজয়ীকে পুরস্কৃত করা হয়।