জীবনে সফল হতে হলে অবশ্যই তরুণদের মধ্যে সততা ও আত্মবিশ্বাস থাকতে হবে। পাশাপাশি কঠোর পরিশ্রমী হতে হবে। আর লক্ষ্য থেকে কোনোভাবেই বিচ্যুত হওয়া যাবে না। গতকাল শনিবার চট্টগ্রাম নগরের আগ্রাবাদ এলাকার একটি হোটেলে ক্যারিয়ার নির্দেশনামূলক ‘করপো-রুট কি’ নামের অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন।
ইয়ুথ ভয়েস অব বাংলাদেশ (ওয়াইভিবি) নামের একটি সংগঠন এই অনুষ্ঠানের আয়োজন করে। চট্টগ্রামের বিভিন্ন সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রায় পাঁচ শ শিক্ষার্থী নির্ধারিত ফির বিনিময়ে এই অনুষ্ঠানে অংশ নেন।
গতকাল বেলা আড়াইটা থেকে রাত আটটা পর্যন্ত অনুষ্ঠিত এই অনুষ্ঠানে ক্যারিয়ার ও নেতৃত্ব নিয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রামের বাণিজ্য অনুষদের ডিন অধ্যাপক ফরিদ সোবহানী, অস্ট্রেলিয়ার ক্যাপাবিলিটি স্পেশালিস্ট ইম্মা হার্ট, ইউনিলিভার বাংলাদেশের ব্র্যান্ড বিল্ডিং ডিরেক্টর জাভেদ আখতার, এয়ারটেলের চিফ সার্ভিস অফিসার রুবাবা দৌলা, গ্রামীণফোনের চিফ অফিসার আসিফ তাওহীদ, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশের সাপ্লাই চেইন ডিরেক্টর এস এম খালেদ, বাংলাদেশ সাপ্লাই চেইন কাউন্সিলের সভাপতি নাঈম সোবহান প্রমুখ। সমাপনী বক্তব্য রাখেন ইয়ুথ ভয়েস অব বাংলাদেশের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান তারেক আকবর খোন্দকার।
অনুষ্ঠানে বক্তারা বলেন, তরুণদের প্রথমে লক্ষ্য নির্ধারণ করতে হবে। তারপর স্বপ্ন পূরণে এগিয়ে যেতে হবে। লক্ষ্য পূরণের পথে বিভিন্ন বাধাবিপত্তি আসতে পারে। কিন্তু লক্ষ্য থেকে বিচ্যুত হওয়া যাবে না। আর কোনো কাজকেই ছোট করা দেখা যাবে না। কাজকে উপভোগ করতে হবে। তাহলেই জীবনে সাফল্য আসবে।