‘শনিবার ঈদ। কী করমু, লঞ্চের রশ্যি ধইর্যা অইলেও বাড়ি যাইতে অইবে। মা-বাবা বইয়্যা আছে। তাই যেমনে অউক যাইতে ওইবে।’
বলছিলেন বরিশালগামী সুরভী-৯ লঞ্চের ডেকের যাত্রী শরীফ উদ্দিন মোল্লা (৫৪)। ঈদে বাড়ি ফেরার জন্য শরীফের মতো দক্ষিণাঞ্চলের হাজারো মানুষ গতকাল ভিড় জমায় সদরঘাট টার্মিনালে।
পবিত্র ঈদুল আজহার আগে আগে গতকাল ছিল শেষ কর্মদিবস। এ কারণে কর্মজীবী বেশির ভাগ মানুষের ছুটি মিলেছে গতকাল। তাই গত কয়েক দিনের মধ্যে গতকাল সদরঘাটে ঘরমুখী মানুষের ভিড় ছিল বেশি।
সুরভী-৯ লঞ্চের যাত্রী শরীফ উদ্দিন মোল্লা বলেন, তিনি টঙ্গীতে পোশাক কারখানায় কাজ করেন। স্ত্রী-সন্তানদের নিয়ে থাকেন সেখানে। দুই ঈদে মা-বাবার সঙ্গে ঈদ করতে বাড়ি যান। মা-বাবা অপেক্ষায় থাকেন।
গতকাল দুপুর ১২টার দিকে সদরঘাট টার্মিনালে গিয়ে দেখা গেছে, টার্মিনাল ও পন্টুনে যাত্রীদের ভিড়। পন্টুনে ভেড়ানো সব লঞ্চের ডেক যাত্রীতে পরিপূর্ণ। গতকাল সকাল ৮টা থেকে দক্ষিণাঞ্চলের উদ্দেশে ছেড়ে যাওয়া সব লঞ্চই ছিল অতিরিক্ত যাত্রীতে বোঝাই। বেলা ২টার পর থেকে টার্মিনালে যাত্রীদের ভিড় আরও বাড়তে থাকে।
নদীবন্দর সূত্র জানায়, গতকাল সকাল থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত দক্ষিণাঞ্চলের উদ্দেশে ঢাকা নদীবন্দর ছেড়ে গেছে ৬৯টি লঞ্চ।
পুরান ঢাকার ইসলামপুর এলাকার কাপড় ব্যবসায়ী ফজলুল হক বলেন, তিনি বরগুনায় যাবেন। বেলা ২টার মধ্যে এই রুটের পাঁচটি লঞ্চের সব কয়টির ডেক ভরে যায়। কোনো উপায় না দেখে পূবালী-১ লঞ্চের ডেকে অবস্থান নিয়েছেন তিনি। তিনি বলেন, ‘কী করব, বাড়িতে তো যেতে হবে।’
চরফ্যাশনগামী ফারহান-২ লঞ্চের যাত্রী আম্বিয়া বেগম (৪৫) বলেন, বেলা ১১টার দিকে খিলগাঁওয়ের বাসা থেকে সিএনজিচালিত অটোরিকশাযোগে সদরঘাটের উদ্দেশে যাত্রা করেন। যানজটের কারণে রায়সাহেব বাজার ও ভিক্টোরিয়া পার্কের কাছে আধা ঘণ্টা বসে থাকতে হয়েছে তাঁদের। তিনি বলেন, ‘নয়াবাজার ও ধোলাইখাল এলাকায় সড়কে গরুর হাট বসার কারণে আমাদের এই সমস্যায় পড়তে হয়।’
অভ্যন্তরীণ নৌ চলাচল (যাপ) সংস্থার উপদেষ্টা মো. কামাল হোসেন বলেন, নদীপথে ঘরমুখী মানুষের জন্য পর্যাপ্ত বিশেষ লঞ্চের ব্যবস্থা আছে।
নৌ পুলিশের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার ফরিদা পারভীন বলেন, নদীপথে যাত্রী হয়রানি এবং লঞ্চে অতিরিক্ত যাত্রী বহন রোধে নৌ পুলিশ দায়িত্ব পালন করছে। কোনো অবস্থাতেই লঞ্চে অতিরিক্ত যাত্রী বহন করতে দেওয়া হচ্ছে না।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ চলাচল কর্তৃপক্ষের পরিচালক শফিকুল হক বলেন, নদীপথে লঞ্চের যাত্রীদের সেবার জন্য নৌ পরিবহন অধিদপ্তর ও বিআইডব্লিউটিএর কর্মকর্তা-কর্মচারীরা তৎপর।