‘লন্ডনি মেয়র’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জের দিরাই পৌরসভার মেয়র আজিজুর রহমান নির্বাচিত হওয়ার পর ২০ মাসের মধ্যে ১০ মাসই প্রবাসে রয়েছেন। এতে পৌরবাসী প্রত্যাশিত সেবা থেকে বঞ্চিত হচ্ছে। পৌরসভা-সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ২০১১ সালে ১৯ জানুয়ারি পৌরসভার মেয়র নির্বাচিত হন আওয়ামী লীগের সমর্থক যুক্তরাজ্যপ্রবাসী আজিজুর রহমান। ওই বছর ১৬ এপ্রিল প্রথমবার যুক্তরাজ্য গিয়ে দেশে ফেরেন ১৮ জুলাই। দ্বিতীয়বার গত ৮ এপ্রিল ৪০ দিনের ছুটি নিয়ে মেয়র লন্ডনে যান। অদ্যাবধি দেশে ফেরেননি তিনি। মেয়র কবে নাগাদ দেশে ফিরবেন তা-ও সঠিকভাবে বলতে পারছে না সংশ্লিষ্টরা। আওয়ামী লীগের একাধিক নেতা-কর্মী বলেন, ‘সুরঞ্জিত সেন পরীক্ষিত ও ত্যাগী নেতা-কর্মীকে বাদ দিয়ে কেন একজন অরাজনীতিবিদ প্রবাসীকে মেয়র বানালেন, সেটা আমরা এখনো বুঝতে পারি না। যিনি (আজিজুর রহমান) জীবনে কোনো দিন রাজনীতি করেননি, তাঁকে দিয়ে জনসেবা কীভাবে সম্ভব হবে? তাঁর ব্যর্থতার দায় এখন মন্ত্রিকেই নিতে হচ্ছে।’ পৌরসভার সাবেক মেয়র আহমদ মিয়া বলেন, ‘আমি নয় বছরে এক সপ্তাহও বিদেশে থাকিনি। কখনো অফিস ফাঁকি দিইনি।’ মাসের পর মাস মেয়রের বিদেশ থাকার প্রসঙ্গ উঠলে নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি বলেন, ‘তিনি হলেন আমাদের লন্ডনি মেয়র।’জানা যায়, মেয়রের অনুপস্থিতে তিন মাস ধরে আটকে আছে ২৩ জন কর্মকর্তা-কর্মচারীর বেতন-ভাতা। এমনকি ঈদুল ফিতরে তাঁরা বোনাসও পাননি। নাম প্রকাশ না করার শর্তে একাধিক কর্মকর্তা-কর্মচারী বেতন-বোনাস না পাওয়ার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘চাকরিজীবনে অতীতে এভাবে দুর্বিষহ জীবন কাটাতে হয়নি আমাদের।’ দিরাই পৌর বিএনপির সভাপতি আবদুর রশিদ বলেন, ‘আমরা নির্বাচনের সময় বলেছি, এই ব্যক্তি ভোট নিয়েই প্রবাসে চলে যাবেন। যিনি জীবনে কখনো রাজনীতি করেননি, তাঁকে দিয়ে পৌরসভার উন্নয়ন সম্ভব নয়।’ এ ব্যাপারে দিরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল কুদ্দুস বলেন, ‘একজন জনপ্রতিনিধি ২০ মাসের মধ্যে কীভাবে ১০ মাস বিদেশে থাকেন, সেটা আমার বোধগম্য নয়। আমার জানামতে, একজন জনপ্রতিনিধির তিন মাসের বেশি ছুটি নেওয়ার কোনো বিধান নেই।’ এ ব্যাপারে যোগাযোগের জন্য চেষ্টা করেও লন্ডনে মেয়র আজিজুর রহমানের ফোন বা মুঠোফোন নম্বর পাওয়া যায়নি। তবে ভারপ্রাপ্ত মেয়র বিশ্বজিৎ রায় ৪০ দিনের ছুটি নিয়ে মেয়র আজিজুর রহমানের লন্ডন যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।