‘আগামী ১ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে কক্সবাজারের ৬৮ হাজার একর জমিতে লবণ উৎপাদনের মৌসুম। কিন্তু আমাদের কোনো জমি নেই। ৩০ বছর ধরে যে জমিতে আমরা লবণ উৎপাদন করে জীবিকা নির্বাহ করছি, সেই জমি কয়লা বিদ্যুৎ প্রকল্প তৈরির জন্য তিন মাস আগে অধিগ্রহণ করা হয়েছে। কিন্তু আমরা এখনো অধিগ্রহণ করা জমির টাকা বুঝে পাইনি। টাকা না পাওয়া পর্যন্ত আমরা ওই জমিতে লবণ উৎপাদনের সুযোগ চাই। নইলে এই দ্বীপের ৩০ হাজার শ্রমজীবী মানুষকে না খেয়ে মরতে হবে।’
গত বুধবার বিকেলে মহেশখালী উপজেলার মাতারবাড়ী ইউনিয়নের মগডেইল বাজারে স্থানীয় লবণ ব্যবসায়ী আমির উদ্দিন (৪৫) এ কথা বলেন।
কয়েক দিন ধরে এ এলাকার কয়েক হাজার শ্রমজীবী মানুষ অধিগ্রহণ করা জমিতে লবণ চাষের সুযোগ ও ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসন দাবি করে মগডেইল বাজারে মানববন্ধন ও বিক্ষোভ-সমাবেশ করে আসছেন। সর্বশেষ গত বুধবার বিকেলে ওই বাজারে মানববন্ধন করা হয়। একই দাবিতে তাঁরা প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপিও দিয়েছেন।
মগডেইল এলাকার লবণ ব্যবসায়ী আহমদ হোছাইন বলেন, অধিগ্রহণ করা এক হাজার ৪১৪ একর জমিতে বর্তমানে চিংড়িসহ বিভিন্ন প্রজাতির মাছের চাষ চলছে। ছয় মাসের জন্য ইজারা নেওয়া এই মৎস্য চাষের মেয়াদ শেষ হবে ৩০ নভেম্বর। এরপর ওই জমিতে শুরু হবে লবণ চাষ। অন্তত ৩০ হাজার লবণশ্রমিক এ মাঠে কাজ করে জীবিকা নির্বাহ করেন। এখন হয় ওই জমিতে লবণ উৎপাদনের সুযোগ দিতে হবে, তা না হলে শ্রমিকদের পুনর্বাসনের উদ্যোগ নিতে হবে। অন্যথায় অসন্তোষ দেখা দেবে। মাতারবাড়ীতে চিংড়ি আর লবণ উৎপাদন ছাড়া অন্য কোনো কাজ নেই।
মাতারবাড়ী মজিদিয়া সুন্নিয়া আলিম মাদ্রাসার শিক্ষক নুর বক্স বলেন, নিজের ১৩ একর জমির ক্ষতিপূরণের টাকা পেতে চার মাস আগে তিনি জেলা প্রশাসন কার্যালয়ে ছয়টি ফাইল জমা দিয়েছেন। কিন্তু এখনো টাকা পাচ্ছেন না।
মাতারবাড়ীর স্কুলশিক্ষক মোহাম্মদ উল্লাহ বলেন, ক্ষতিপূরণের টাকা না পাওয়ায় ঘরে ঘরে নীরব দুর্ভিক্ষ চলছে।
জেলা প্রশাসনের ভূমি হুকুমদখল (এলও) কার্যালয় সূত্র জানায়, প্রায় ৩৬ হাজার কোটি টাকা ব্যয়ে নির্মিতব্য এক হাজার ২০০ মেগাওয়াটের ‘মাতারবাড়ী কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ প্রকল্প’ বাস্তবায়নের জন্য গত ২৪ আগস্ট মহেশখালীর মাতারবাড়ী ও ধলঘাটা ইউনিয়নের মধ্যবর্তী এক হাজার ৪১৪ একর জমির অধিগ্রহণ করা হয়। জমির ক্ষতিপূরণ বাবদ বরাদ্দ রাখা হয় প্রায় ২৩৭ কোটি টাকা। ইতিমধ্যে ১২০ জন জমির মালিককে ক্ষতিপূরণ বাবদ প্রায় ২৪ কোটি টাকা বিতরণ করা হলেও আরও দুই হাজার জনকে ক্ষতিপূরণের টাকা দেওয়া যাচ্ছে না। কারণ, এসব জমির ওয়ারিশ (অংশীদার) দাবি করে প্রায় চার হাজারের বেশি নালিশ আবেদন জমা পড়েছে। নালিশ আবেদন যাচাই-বাছাই করার জন্য মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর পাঠানো হয়েছে।
মহেশখালীর ইউএনও মো. আনোয়ারুল নাসের বলেন, যাচাই-বাছাই করে ইতিমধ্যে তিনি ১৪০টি জমির ফাইল জেলা প্রশাসক বরাবর পাঠিয়েছেন।