‘লম্বা প্রার্থীদের ভোট দেব না’
কক্সবাজার শহরের গোলদীঘির পাড়ে গত সোমবার বিকেলে সুশাসনের জন্য নাগরিক (সুজন) পৌরসভায় মেয়র পদপ্রার্থীদের নিয়ে ভোটারদের মুখোমুখি অনুষ্ঠানের আয়োজন করে। সুজনের জেলা শাখার সভাপতি আবদুল বারী শুরুতে ভোটারদের উদ্দেশে বলেন, ‘ভোট আপনাদের নাগরিক অধিকার। আপনারা সুবিবেচনার সঙ্গে এই অধিকার প্রয়োগ করবেন। টাকার বিনিময়ে আপনারা কালো টাকার মালিক, দুর্নীতিবাজ, সন্ত্রাসী, চাঁদাবাজ, মিথ্যাচারী, যুদ্ধাপরাধী, নারী নির্যাতনকারী, মাদক ব্যবসায়ী, চোরাকারবারি, ভূমিদস্যু ও সাজাপ্রাপ্ত আসামিদের ভোট দেবেন না।’ এ সময় উপস্থিত ভোটারদের অনেকে হাততালি দিয়ে ওই বক্তব্যের প্রতি সমর্থন জানান।পেছনে দাঁড়ানো স্থানীয় বৈদ্যঘোনা এলাকার ভোটার আমজাদ হোসেন (৪৫) বলেন, ‘এসবের পাশাপাশি আমরা “চার লম্বা” ব্যক্তিকে ভোট দেব না।’ কয়েকজন ভোটার আমজাদকে ঘিরে ধরে জানতে চান ‘চার লম্বা’র মানে কী। জবাবে আমজাদ বলেন, ‘যে প্রার্থীর চোখ লম্বা, জিহ্বা লম্বা, হাত ও পা লম্বা তাকে আপনারা ভোট দেবেন না।’ পরে তিনি খুলে বলেন ‘চার লম্বা’র আসল কাহিনি। যাঁরা নারীলোভী তাদের চোখ লম্বা থাকে। সামনে যা পায় তাই খায় এমন ব্যক্তিদের (মাদকাসক্ত, দুর্নীতিবাজ) জিহ্বা লম্বা থাকে। যারা চাঁদাবাজি করে তাদের হাত লম্বা থাকে এবং যারা দখল বাণিজ্যে জড়িত (ভূমিদস্যু) তাদের পা হয় লম্বা। এই পৌরসভা নির্বাচনে যাঁরা প্রার্থী হয়েছেন তাঁদের মধ্যে এই ‘চার লম্বা’ ব্যক্তিরাও রয়েছেন। তাই বুঝেশুনে ভোট দেওয়ার কথা বলেন তিনি।নারী ভোটার খুরশেদ আরা হক বলেন, পর্যটন শহর হলেও পৌরসভাটি ময়লা-আবর্জনায় ডুবে থাকে। শহরজুড়ে মাদকের আখড়া। নারীরা ঠিকমতো চলাফেরা করতে পারে না। টিজিংয়ের শিকার হয় মেয়েরা। ভূমিদস্যুদের কবল থেকে সমুদ্রসৈকত, পাহাড়, নদী রক্ষা করা যাচ্ছে না। এখন লম্বা প্রার্থীদের ‘না’ বলতে হবে। তিনি বলেন, ‘আমরা নিজের ভোট নিজে দেব, যোগ্য প্রার্থী দেখেই দেব।’ ভোটারদের মুখোমুখি অনুষ্ঠানে মঞ্চে উপস্থিত ছিলেন মেয়র পদপ্রার্থী আবদুল খালেক, রাশেদুল ইসলাম, রোকসানা পারভিন, রুহুল আমিন সিকদার ও রণজিৎ কুমার দে। অপর তিন মেয়র মুজিবুর রহমান, সরওয়ার কামাল ও জগদীশ বড়ুয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না।একমাত্র নারী মেয়র পদপ্রার্থী রোকসানা পারভিন ভোটারদের উদ্দেশে বলেন, ‘চোখ লম্বা ও নারীলিপ্সু প্রার্থীকে আপনারা ভোট দেবেন না। যাচাই-বাছাই করে ভোট দিতে হবে। তা না হলে পরে পস্তাতে হবে।’ শেষে উপস্থিত মেয়র পদপ্রার্থীরা হাত তুলে ভোটারদের সামনে দুর্নীতিমুক্ত ও পর্যটনবান্ধব পৌরসভা গড়ার অঙ্গীকার করেন। আগামী ২৭ জানুয়ারি এই পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।