‘লাইনে দাঁড়িয়ে বন্ধুত্ব না করলে টিকিট নেওয়া সম্ভব না’
‘রাত সাড়ে তিনটায় এসে লাইনে দাঁড়িয়েছি। তখন আমার সামনে আরও ৯৫ জন দাঁড়িয়ে গেছেন। সারা রাত ঘুম নেই। লাইনে দাঁড়িয়ে ভোর হয়েছে। বেলা উঠেছে। নিজের প্রয়োজনেই আমার আগে-পিছে যাঁরা দাঁড়িয়েছিলেন, তাঁদের দুজনের সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক গড়ে তুলতে হয়েছে। তাঁদের জিম্মায় আমার সিরিয়ালটা রেখে প্রাকৃতিক কাজ সেরেছি। এরপর আমি এসে দাঁড়িয়েছি। পরের জন গেছেন। একইভাবে চুক্তি করে সকালের নাশতা ও দুপুরের খাবার খেয়েছি।’ গতকাল সোমবার বিকেল পাঁচটায় সিটি ব্যাংকের রাজশাহী সাহেববাজার শাখার সামনে ক্রিকেট বিশ্বকাপের টিকিট কেনার লাইনে দাঁড়িয়ে কথাগুলো বলছিলেন রাজশাহীর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাবেদ ইকবাল।ক্রিকেট বিশ্বকাপের অন্তত একটি খেলা স্টেডিয়ামে বসে দেখার আশায় দীর্ঘ এই প্রতীক্ষা ক্রীড়ামোদীদের। গত রোববার সারা দেশে সিটি ব্যাংক ও অগ্রণী ব্যাংকের বিভিন্ন শাখায় টিকিট বিক্রি শুরু হয়। কিন্তু আগের দিন সন্ধ্যা থেকেই ওই সব শাখার সামনে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে শুরু হয় ক্রিকেটভক্তদের প্রতীক্ষা। দেশের অন্যান্য স্থানের মতো রাজশাহীতেও একই চিত্র দেখা গেছে। রাজশাহীতে সিটি ব্যাংকের ওই শাখায় ২০০ থেকে ৭০০ টাকা দামের টিকিট পাওয়া যাচ্ছে। গতকাল বিকেলে ব্যাংকের সামনে গিয়ে দেখা গেছে, ভিড় সামাল দেওয়ার জন্য ব্যাংকের সদর দরজায় পুলিশ মোতায়েন রয়েছে। কিছুক্ষণ পরপর তিনজন ছেলে ও একজন মেয়েকে ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছে। ওই চারজন বের হওয়ার পরে আবার চারজনকে ঢুকতে দেওয়া হচ্ছে।লাইনে জাবেদের পরপরই ছিলেন রাজশাহী কলেজের অর্থনীতি বিভাগের ছাত্র লাভলু আহাম্মেদ। অর্ধেক রাত এবং সারা দিন কীভাবে লাইনে দাঁড়িয়ে আছেন জানতে চাইলে লাভলু বলেন, রাতটুকু পুরোপুরি পায়ের ওপরই কেটেছে। সকালের আলো ফোটার পরে আগে-পিছে যাঁরা দাঁড়িয়েছেন তাঁদের সঙ্গে বন্ধুত্ব করে, তাঁদের জিম্মায় সিরিয়াল রেখে রাস্তার ওপর একটু বসে বিশ্রাম নিয়েছেন। পালাক্রমে সবাই এই কাজ করছেন। তা ছাড়া এই দীর্ঘ সময় কারও পক্ষেই লাইনে দাঁড়িয়ে থেকে টিকিট সংগ্রহ করা সম্ভব নয়। পুরুষদের পাশাপাশি লাইনে দাঁড়িয়েছিলেন নারীরাও। সকালের আলো ফোটার সঙ্গে সঙ্গেই লাইনে এসে দাঁড়ান রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ওয়াসেকা ইশমত। তিনিও বললেন, আগে-পিছে যাঁরা দাঁড়িয়েছেন তাঁদের সঙ্গে ভাব জমিয়ে জায়গা রেখে দুপুরে খেয়েছেন। বিকেল পাঁচটায়ও ব্যাংকে ঢুকতে পারেননি ইশমত।