চট্টগ্রাম মেডিকেল কলেজের পঞ্চম বর্ষের ছাত্রী মাহফুজা আক্তার কান্তা ছাত্রীনিবাসের ৩১২ নম্বর কক্ষে থাকেন। তাঁর সঙ্গে থাকেন আরও তিনজন। কিছুদিন আগে টেবিলে বসে পড়ছিলেন মাহফুজা। এ সময় হঠাৎ ছাদের বিশাল পলেস্তারা খসে পড়ে পড়ার টেবিল ও বিছানায়। তবে ভাগ্যগুণে বেঁচে যান তিনি। মাহফুজা বলেন, ‘কী ভয় যে পেয়েছিলাম! আতঙ্কে চিৎকার করে বের হয়ে এসেছিলাম আমরা।’এভাবে জরাজীর্ণ কান্তা ছাত্রীনিবাসের অন্তত ৪০০ ছাত্রীর আতঙ্কে দিন কাটে। জরাজীর্ণ অবস্থা প্রধান ছাত্রনিবাস ও ইন্টার্ন চিকিৎসকদের নিবাস ডা. মিজান ছাত্রাবাসেরও। এ দুটি ছাত্রাবাসে যথাক্রমে ৫০০ ও ৮০ জন ছাত্র ও শিক্ষানবিশ (ইন্টার্ন) চিকিৎসক থাকেন। এসব ভবনের দায়িত্বে নিয়োজিত গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী আবদুল মোমেন চৌধুরী বলেন, ‘ভবন তিনটির আয়ু শেষ। হাঁড়গোড় বের হয়ে গেছে। আমরা এই ক্ষত সারাতে প্রতিবছর সিমেন্ট বালুর প্রলেপ দিয়ে যাচ্ছি। ছয় মাত্রার ভূমিকম্প হলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।’নির্বাহী প্রকৌশলী জানান, তিনটি নতুন ছাত্রাবাস ও দশতলা প্রশাসনিক ভবনসহ অন্যান্য অবকাঠামো নির্মাণে দুই হাজার ২০০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব আগেই মন্ত্রণালয়ে দেওয়া হয়েছে। কিন্তু সেটা এখনো পাস হয়নি। এখন তাঁরা প্রতিবছর ভবন মেরামতের জন্য একটি বরাদ্দ পান। জানা গেছে, স্বাধীনতার আগে তিনটি ছাত্রাবাস নির্মিত হয়। এখন এসব ভবনের ছাদ চুইয়ে পানি পড়ছে। দেয়াল স্যাঁতসেঁতে। পলেস্তারা খসে পড়ছে। কোথাও চুনাপাথর, কোথাও সিমেন্ট বালুর আস্তরণ দিয়ে এসব ক্ষত ঢাকার চেষ্টা করে যাচ্ছে গণপূর্ত অধিদপ্তর। আবার দেয়াল ও ছাদের ক্ষত ঢাকতে শিক্ষার্থীরা নিজ উদ্যোগে পোস্টার ও কাগজ লাগিয়েছেন কোনো কোনো কক্ষে। সরেজমিনে দেখা গেছে, ডা. মিজান চিকিৎসক নিবাসের দোতলার ২১ ও ২৩ নম্বর কক্ষে দেয়াল স্যাঁতসেঁতে হয়ে গেছে। দেয়াল ও ছাদের আস্তরণ খসে পড়ে ইট-রড বেরিয়ে এসেছে। ২১ নম্বর কক্ষের চিকিৎসক শওকত বলেন, ‘বর্ষাকালে দেয়াল চুপসে পানি পড়ে। ইট-রড যাতে না দেখা যায় সে জন্য কাগজ সেঁটে দিয়েছি। কক্ষে থাকলে খুব আতঙ্কে সময় কাটে।’তিনতলা এই ছাত্রাবাসে ৩৬টি কক্ষের মধ্যে ২২টির অবস্থা নাজুক। প্রতি কক্ষে অন্তত তিনজন করে চিকিৎসক থাকেন। বাথরুম ও বারান্দার অবস্থাও করুণ। একইভাবে প্রধান ছাত্রাবাসের ১৪৪টি কক্ষের অর্ধেকের ভেতরের ছাদের পলেস্তারা নড়বড়ে হয়ে পড়েছে। আবাসিক ছাত্র সোহেল বলেন, ‘ভবন তিনটিকে লাইফ সাপোর্ট দিয়ে রাখা হয়েছে। যে হারে চারদিকে ভূকম্পন হচ্ছে, আমরা আতঙ্কের মধ্যে আছি। কখন সিমেন্ট-বালু খসে পড়ে।’কান্তা ছাত্রীনিবাসে ঢোকার মুখে পিলারের পলেস্তারা খসে রড দেখা যাচ্ছে। গণপূর্ত বিভাগের লোকজন এগুলো সিমেন্ট বালু দিয়ে ঢেকে দিচ্ছে। শিক্ষার্থী সুমি বলেন, ‘শিক্ষার্থীরা এখানে কীভাবে যে থাকেন, সেটা বিশ্বাস করা যাবে না।’ ভবন ধসে পড়ার আতঙ্কের পাশাপাশি গাদাগাদি করেও থাকতে হয় কান্তা ছাত্রীনিবাসের ছাত্রীদের। এই নিবাসে কক্ষসংখ্যা ৯০টি। এতে থাকেন ৩৫০ জন ছাত্রী। প্রতিটি কক্ষে থাকেন তিন থেকে পাঁচজন। আবার সাধারণ কক্ষ (কমন রুম) ও রান্নাঘরেও ছাত্রীদের জন্য বিছানা পাতা হয়েছে। সাধারণ কক্ষে থাকেন ৩৫ জন ছাত্রী। রান্নাঘরে জায়গা হয়েছে পাঁচ-ছয়জন বিদেশি শিক্ষার্থীর।মেডিকেল কলেজের অধ্যক্ষ সেলিম মোহাম্মদ জাহাঙ্গীর বলেন, ‘ভবনগুলো আসলে নষ্ট হয়ে গেছে। গণপূর্ত বিভাগ প্রতিবছর কিছু মেরামত করে। মাঝেমধ্যে পলেস্তারা খসে পড়ার খবর আসে।’