‘মালয়েশিয়ায় গিয়ে যে কেউ মাসে লাখ টাকা আয় করতে পারে। আমাদের চাকরি নিশ্চিত করার লোভ দেখিয়ে দালাল জিয়াবুল মাথাপিছু ৩০ হাজার টাকা নিয়েছিল। আমরাও লাখ টাকার চাকরির লোভে মালয়েশিয়া যাচ্ছিলাম। এখন ধরা পড়ে সেই স্বপ্ন চুরমার হয়ে গেল।’গত বুধবার সন্ধ্যায় কক্সবাজার শহরের হোটেল-মোটেল জোনের একটি গেস্টহাউস থেকে ধরা পড়ার পর আমিনুর রহমান (১৮) এসব কথা বলেন।আমিনুর সাতক্ষীরার কলারোয়া উপজেলার ক্ষেত্রপাড়ার মফিজ মোল্লার ছেলে। ২ এপ্রিল সমুদ্রপথে (কাঠের নৌকায় করে) মালয়েশিয়ায় পাচারের জন্য তাঁকে সাতক্ষীরা থেকে কক্সবাজারে নিয়ে আসে দালাল চক্র। ওই দিন র্যাবের সদস্যরা জয়নাল রিসোর্টে অভিযান চালিয়ে আমিনুর রহমানসহ ২৫ জনকে আটক করেন। একই সময়ে শহরের প্রধান সড়কের ঝাউবিথি গেস্টহাউস থেকে আটক করা হয় আরও ১৯ জনকে। এঁরা সবাই সাতক্ষীরা, সিরাজগঞ্জ ও টাঙ্গাইলের বাসিন্দা।সাতক্ষীরার সাইফুল ইসলাম (৩৫) বলেন, ‘স্ত্রীর গলার একটি সোনার চেইন বিক্রি করে ৩০ হাজার টাকা দালালের হাতে তুলে দিয়েছিলাম মালয়েশিয়ায় যাওয়ার জন্য। এখন ধরা পড়ে সব শেষ। টাকা ছাড়া বাড়িতে যাই কী করে?’র্যাব-৭ কক্সবাজার অঞ্চলের সহকারী পরিচালক মো. সাজেদুর রহমান বলেন, আটক যাত্রীরা সবাই মজুর শ্রেণীর মানুষ। ভালো চাকরির লোভে এঁরা ঘরের শেষ সম্বল বিক্রি করে দালালের ফাঁদে পড়েন।পুলিশ সূত্র জানায়, কক্সবাজারে মানব পাচারের সঙ্গে জড়িত রয়েছে দুই শতাধিক দালাল। সারা দেশে এদের শক্ত নেটওয়ার্ক রয়েছে। মিয়ানমারের রোহিঙ্গাদের পাশাপাশি দেশের অভাবী ঘরের যুবকদের ফুঁসলিয়ে দালালেরা মালয়েশিয়ায় পাঠানোর নামে টেকনাফ, উখিয়া ও কক্সবাজারে নিয়ে আসে। তারপর টাকা হাতিয়ে নিয়ে সমুদ্রে ঠেলে দিচ্ছে। গত তিন দিনে র্যাব ও পুলিশ পৃথক অভিযান চালিয়ে কক্সবাজার ও টেকনাফ থেকে ৮০ জন যাত্রীকে আটক করে। পুলিশ সুপার মো. আজাদ মিয়া বলেন, ইতিমধ্যে ১২৭ জন দালালের বিরুদ্ধে থানায় ৩৩টি মামলা হয়েছে। আটক করা হয়েছে ৫৭ জন দালালকে। অন্য দালালদেরও ধরার চেষ্টা চলছে।