'লাখো কণ্ঠে সোনার বাংলা'য় ব্যয় ৩০ কোটি টাকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘লাখো কণ্ঠে সোনার বাংলা’ অনুষ্ঠানের জন্য খরচ হয়েছে প্রায় ৩০ কোটি টাকা। তবে এই অনুষ্ঠানের তহবিলে জমা পড়েছিল ৫০ কোটি ৩৫ লাখ ১০ হাজার টাকা। উদ্বৃত্ত টাকা কী হবে, এ বিষয়ে এ-সংক্রান্ত অর্থ কমিটি সিদ্ধান্ত নেবে।

আজ বুধবার সকালে শিল্পকলা একাডেমীতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে এ-সংক্রান্ত বিভিন্ন তথ্য তুলে ধরেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর।

সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লে. জে. আবু বেলাল মো. শফিউল হক, ওই অনুষ্ঠানের প্রধান সমন্বয়ক ও সশস্ত্র বাহিনী বিভাগের বেসামরিক ও সামরিক সংযোগ পরিদপ্তরের মহাপরিচালক কমোডর কাজী এমদাদুল হক ও সংস্কৃতিসচিব রণজিত্ কুমার বিশ্বাস সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে আসাদুজ্জামান নূর বলেন, লাখো কণ্ঠে সোনার বাংলা অনুষ্ঠান আয়োজন কেবল গিনেস বুকে নাম ওঠানোই লক্ষ্য ছিল না। তিনি বলেন, ‘আমি মনে করি, এটা দেশ প্রেমের বিশ্ব রেকর্ড।’

এই অনুষ্ঠান সুষ্ঠু ও সুন্দরভাবে আয়োজন করার জন্য সংশ্লিষ্ট সবাই এবং আপামর জনসাধারণকে ধন্যবাদ জানান তিনি।

সংবাদ সম্মেলনে জানানো হয় মোট ৫৩টি প্রতিষ্ঠান সোনার বাংলা তহবিলে টাকা জমা দিয়েছে। এখন এগুলো নিরীক্ষা চলছে। নিরীক্ষার পর পূর্ণাঙ্গ তথ্য জানানো হবে।

এক প্রশ্নের জবাবে সংস্কৃতিমন্ত্রী বলেন, ওই তহবিলে ইসলামী ব্যাংকের কোনো টাকা জমা পড়েনি।