‘লাভটুকু খায়ছে ফাড়িয়ারা’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরে তারাগঞ্জ বাজারে দক্ষিণ প্রান্তে পাইকারিপট্টি। উত্তর প্রান্তে খুচরা সবজিপট্টি। পাইকারি বাজারে কৃষকদের কাছ থেকে ব্যবসায়ীরা দুই টাকা কেজি দরে ফুলকপি কিনে নিচ্ছেন। অথচ কয়েক কদম দূরে খুচরা সবজির বাজারে গিয়ে দেখা গেল উল্টো চিত্র। সেখানে ক্রেতারা প্রতি কেজি কপি আট টাকা কেজি দরে কিনে নিচ্ছেন। মাঝখানের লাভটুকু শুষে নিচ্ছেন কৃষক ও ক্রেতার মধ্যে থাকা ফড়িয়ারা। মৌসুমের শুরুতে উৎপাদক ও খুচরা পর্যায়ে কপির বাজার দরে এমন আকাশ-পাতাল ফারাকের কারণে বিপাকে পড়েছেন তারাগঞ্জের কপিচাষিরা। তাঁরা কপি চাষ করে অন্য মৌসুমে ভালো দাম পেলেও চলতি মৌসুমে বাজার দরে মন্দাভাব বিরাজ করছে। ফলে চাষিদের লোকসান গুনতে হচ্ছে। দুই সপ্তাহ ধরে কপির পাইকারি দর উদ্বেগজনক হারে কমার ফলে চাষ করা কপি বিক্রি করতে গিয়ে উৎপাদনের খরচই তুলতে পারছেন না চাষিরা। মেনানগর গ্রামের চাষি আফজাল হোসেন জানান, গত মৌসুমে এই কপির কেজি তিনি বিক্রি করেছেন আট-নয় টাকায়। কিন্তু এবার তা হচ্ছে দুই টাকায়। তবে খুচরা বাজারে ক্রেতার কাছে পাইকারেরা এই কপি বিক্রি করছেন আট টাকা কেজি দরে। তারাগঞ্জ বাজারে কপি বিক্রি করতে আসা দোলাপাড়া গ্রামের চাষি মনতাজুল ইসলাম বলেন, ‘লাভের আশায় কপি আবাদ করবার যেয়া এবার মাঠে মারা গেছি। খেত থেকে কপি তুলে হাটোত বেচপার নিয়া আসি, এমন সস্তা দামে কপি বেচতে হওচে যে আবাদে খরচ করা টাকাও ওটেছে না।’বুড়িরহাট গ্রামের কৃষক সাইফুল ইসলাম জানান, ৬০ শতাংশ জমিতে কপি চাষে তাঁর খরচ হয়েছে প্রায় ২৭ হাজার টাকা। ফলন ভালো হলেও তিনি এখন পর্যন্ত তা বিক্রি করে পেয়েছেন মাত্র পাঁচ হাজার টাকা। খেতের বাকি কপি বিক্রি করলে আরও তিন হাজার টাকা পাওয়া যেতে পারে। খুচরা বাজারের কপি ক্রেতা থানাপাড়া গ্রামের হামিদুল রহমান বলেন, ‘হাটের এ প্রান্তে এক কেজি কপির দাম আট টাকা। হাটের ওই প্রান্তে হামাগের মতো কৃষকই এক কেজি কপি বেচে পাওচে মাত্র দুই টাকা। লাভটুকু খায়ছে ফাড়িয়ারা।’খুচরা সবজি বিক্রেতা আজমাল হোসেন বলেন, কেনার সময় লাভ করা না গেলে বিক্রির সময় লাভ হয় না। কম দামে কিনে বেশি দামে বিক্রি করা দোষের কিছু না। তা ছাড়া খুচরা বাজারের সঙ্গে পাইকারি দরের তুলনা করে লাভ নেই। লাভের আশায় সবাই ব্যবসা করেন।সয়ার ইউনিয়নের চেয়ারম্যান আজিজুল ইসলাম বলেন, সরকারি পর্যায়ে বাজার তদারকি না থাকায় শুধু কপির বাজারেই এমন অরাজকতা নয়, নিত্যপ্রোয়োজনীয় সব পণ্যের বাজারেই এ ধরনের বৈষম্য বিরাজ করছে।