'লারকে' পর্বতশিখরে প্রথম অভিযানে বাংলাদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেপালের মানাসলু হিমালয় অঞ্চলে অবস্থিত ‘লারকে’ পর্বতশিখরের উচ্চতা ২০ হাজার ৫০০ ফুট। নেপালের পর্বতচূড়াগুলোর মধ্যে এটি জয় করা অন্যতম কঠিন কাজ। হিমালয়ের এই লারকে পর্বতশিখর জয় করতে বাংলাদেশের প্রথম অভিযান শুরু হচ্ছে আগামী ৩ অক্টোবর।

এ উপলক্ষে আজ শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে ছয় সদস্যের অভিযাত্রীদলের পরিচিতি তুলে ধরা হয়। তাঁদের হাতে তুলে দেওয়া হয় জাতীয় পতাকা।

সংবাদ সম্মেলন পরিচালনা করেন অ্যান্টার্কটিকা ও সুমেরু অভিযাত্রী ইনাম আল হক। সংবাদ সম্মেলনে বলা হয়, বাংলাদেশের পর্বতারোহী দল ৩ অক্টোবর নেপালের উদ্দেশে ঢাকা ত্যাগ করবে। ২৫ দিনের অভিযানে পর্বতারোহী দল ‘লারকে’ শিখর আরোহণ করবে। বাংলাদেশ দলকে নেতৃত্ব দেবেন দুবার এভারেস্ট আরোহণকারী এম এ মুহিত। দলে আরও আছেন নূর মোহাম্মদ, বাহলুল মজনু, শায়লা পারভীন, ইকরামুল হাসান ও রিয়াসাদ সানভী।

অভিযানটি পরিচালনা করছে বাংলা মাউন্টেইনিয়ারিং অ্যান্ড ট্রেকিং ক্লাব। পৃষ্ঠপোষকতা করছে এম এম ইস্পাহানি লিমিটেড, এনআরবি কমার্শিয়াল ব্যাংক লিমিটেড, আজিম গ্রুপ ও আরলা ফুডস বাংলাদেশ লিমিটেড। বিমান বাংলাদেশ এয়ারলাইনস ৫০ শতাংশ ছাড়ে অভিযাত্রীদের ঢাকা-কাঠমান্ডু-ঢাকা বিমান টিকিট দিচ্ছে।

সংবাদ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও অর্থনীতিবিদ হোসেন জিল্লুর রহমান বলেন, পর্বতারোহণের প্রতিটি অভিযান স্বতন্ত্র। তাই প্রার্থনা থাকে, দলের সবাই যেন নিরাপদে ফিরে আসতে পারে। পর্বতারোহণ থেকে তরুণ সমাজের অনেক কিছু শিক্ষণীয় আছে। এর ফলে সাহস, প্রকৃতির প্রতি মনোভাব, চারিত্রিক শুদ্ধতা, মানসিক দৃঢ়তা ও শারীরিক সক্ষমতার মতো গুণাবলি গড়ে ওঠে।

সংবাদ সম্মেলনে আরও বক্তব্য দেন ইস্পাহানি লিমিটেডের মহাব্যবস্থাপক (বিক্রয় ও বিপণন) ওমর হান্নান, এনআরবি কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এ আই এম মোস্তফা ও আরলা ফুডস বাংলাদেশ লিমিটেডের হেড অব মার্কেটিং গালীব বিন মোহাম্মদ।