'লাল মিয়া মডেল' বীজ সংরক্ষণের উদ্যোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার হোমনা উপজেলার আদর্শ কৃষক লাল মিয়া মডেল বীজ সংরক্ষণের উদ্যোগ নিয়েছে সরকার। উপজেলা কৃষি কর্মকর্তা জুলফিকার আলী প্রথম আলোকে এ তথ্য জানিয়েছেন।

এই কৃষি কর্মকর্তা বলেন, সম্প্রতি মন্ত্রিপরিষদ বিভাগের মাঠ প্রশাসন সংযোগ অধিশাখা থেকে এক চিঠিতে তাঁকে সরকারের এই উদ্যোগের বিষয়ে অবহিত করা হয়।

জুলফিকার আলী বলেন, ‘উপজেলার আদর্শ কৃষক লাল মিয়ার উৎপাদিত বোরো ধানের বীজের গুণগতমান এবং উন্নত মানের বীজ উৎপাদন পদ্ধতি সারা দেশের জেলা ও উপজেলায় ছড়িয়ে দিতে সরকারের উচ্চপর্যায় থেকে উদ্যোগ নেওয়া হয়েছে। কীভাবে এ মডেল বাস্তবায়ন করা যায়, এ বিষয়ে আমাদের কাছে প্রতিবেদন চাওয়া হয়েছিল।’

উপজেলা কৃষি কর্মকর্তা আরও বলেন, তিনি ১২ জুলাই মন্ত্রিপরিষদ বিভাগে প্রতিবেদন দেন। তাঁর প্রতিবেদনে বলা হয়, বিএডিসি আউশ ধান বীজ চাহিদার ৫৮ দশমিক ৯ শতাংশ বোরোর বীজ উৎপাদন করতে পারে এবং বাকি প্রায় ৪১ দশমিক ১ শতাংশ বীজ স্থানীয় কৃষক ও বেসরকারি সংস্থাগুলো সরবরাহ করে। এদিকে চীনে কৃষক পর্যায়ে উচ্চফলনশীল (হাউব্রিড) ধানের বীজ প্রায় শতকরা ৫০ ভাগ উৎপাদন করে। এ ক্ষেত্রে উচ্চফলনশীল বীজ উৎপাদনে দেশের কৃষকদের সদ্ব্যবহার করা যাচ্ছে না। কার্যকরী উদ্যোগ নিলে কৃষক পর্যায়ে উচ্চফলনশীল বীজের অন্তত শতকরা ৯০ ভাগ উৎপাদন করা সম্ভব হবে। দেশের ধান গবেষণা প্রতিষ্ঠান প্রথমে প্রজনন বীজ উৎপাদন করে আর সেই বীজ থেকে বিএডিসি ভিত্তি বীজ উৎপাদন করে থাকে। সেই ভিত্তি বীজ থেকে বর্তমানে দেশে বিএডিসি ৬০ হাজার মেট্রিক টন মান ঘোষিত বা প্রত্যয়িত বোরো ধানের বীজ উৎপাদন করছে। দেশের বীজনীতি অনুযায়ী ‘লাল মিয়া মডেল’ বাস্তবায়িত হলে সারা দেশে বিএডিসি মাত্র ৩৫০ মেট্রিক টন ভিত্তি বীজ উৎপাদন করে অন্য গুরুত্বপূর্ণ কাজে ব্যবহার করতে পারবে। দেশের কৃষকদের কার্যকর প্রশিক্ষণ ও প্রয়োজনীয় সহযোগিতা করা হলে মান ঘোষিত যেকোনো বীজ উৎপাদন করা সম্ভব হবে।

৩০ এপ্রিল ‘হোমনার আদর্শ কৃষক লাল মিয়া’ শিরোনামে শনিবারের বিশেষ প্রতিবেদন প্রথম আলোর প্রথম পাতায় প্রকাশিত হয়।