‘লালন শাহ বটতলা সাধুসঙ্গ’ কাল
মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখান মাতবরবাড়ি দোসরপাড়া-টেকেরহাটে ১১ ও ১২ নভেম্বর আয়োজন করা হয়েছে ‘লালন শাহ বটতলা সাধুসঙ্গ ১৪১৮’। সাধুসঙ্গে লালন জীবনী ও সাধনাবিষয়ক বয়ান ও লালনগীতি পরিবেশন করবেন কুষ্টিয়া, মেহেরপুর, মুন্সিগঞ্জ, ঢাকাসহ দেশের নানা অঞ্চলের লালন সাধক ও ভক্ত-অনুসারীরা। এ বছরের লালন শাহ বটতলা মধুপূর্ণিমা সাধুসঙ্গে বাংলাদেশের বাইরের সাধু-গুরুরাও আসবেন। ১১ নভেম্বর বিকেল সাড়ে চারটায় সাধু-গুরুদের আসন গ্রহণ ও অধিবাস। এরপর পর্যায়ক্রমে সাধুসঙ্গের নামকরণ কার্যাবলি ও বিধিবিধান জ্ঞাপন, ফকির লালন সাঁইজির জীবলীলা স্মরণ, গুরুকর্ম, সমবেত কণ্ঠে গুরুদৈন্য, দীন ডাকা ও চা-মুড়ি সেবা, হালকা নাশতা, দৈন্যগানের পর রাত সাড়ে আটটায় শুরু হবে শিল্পীদের পরিবেশনায় লালনগীতির মূল আসর। চলবে ভোর পর্যন্ত। পরদিন ১২ নভেম্বর গোষ্ঠগান, গুরুকর্ম, বাল্যসেবা, লালনগীতি, পূর্ণসেবার পর সন্ধ্যায় শুরু হবে দ্বিতীয় রাতের লালনগীতির মূল আসর। এ আসরের মাধ্যমেই শেষ হবে লালন শাহ বটতলা সাধুসঙ্গ। সাধুসঙ্গ সবার জন্য উন্মুক্ত।