'লালনের আখড়ায়' অরাজকতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঘড়ির কাঁটায় তখন সকাল সাড়ে আটটা। কুমিল্লার ময়নামতি ইউনিয়নের শাহদৌলতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের পাঁচটি বুথে গিজগিজ করছেন আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী লালন হায়দারের কর্মীরা। লালনের ছবিসংবলিত সাদা টি-শার্ট পরা অন্তত ৫০ জন কর্মীকে ওই কেন্দ্রের ভেতরে দেখা গেছে। যাঁরা ভোট দিতে বুথে যান তাঁদের হাতে নৌকা প্রতীকে সিল মারা সাদা রঙের ব্যালট পেপার তুলে দিচ্ছেন ওই কর্মীরা। ভোটাররা চেয়ারম্যান পদপ্রার্থীর ব্যালট বাক্সে ফেলছেন। আর সাধারণ সদস্য (মেম্বার) প্রার্থীদের ব্যালট পেপারে নিজেরা সিল মেরে বাক্সে ফেলছেন। অনেককে প্রকাশ্যে ভোট দিতেও দেখা গেছে। পুলিশ ও আনসার সদস্যদের সামনেই এভাবে সকাল আটটা থেকে দুপুর ১২টা পর্যন্ত সিল মেরে বাক্স ভর্তি করা হয়।
মাঝে মাঝে দুই সাধারণ সদস্য পদপ্রার্থী মোরগ প্রতীকের বিল্লাল হোসেন ও আপেল প্রতীকের আবুল বাশার ওই ভোটকেন্দ্রে উত্তাপ ছড়ান। খবর পেয়ে সকাল ৯টা ৮ মিনিটে চেয়ারম্যান পদপ্রার্থী লালন হায়দার ওই কেন্দ্রে আসেন। তখন তিনি দুই সদস্যের অনুসারীদের জানিয়ে দেন, ‘যা করো আমাকে ডিস্টার্ব করবা না।’ এ ভোটকেন্দ্রে সকাল ১০টা ৩৬ মিনিটে ১ হাজার ১০০ ভোট পড়ে। কেন্দ্রে বিএনপির কোনো এজেন্টের দেখা মেলেনি। এমনকি ধানের শীষ প্রতীকের প্রার্থী মো. সালাহ উদ্দিনের দেখাও মেলেনি।
এদিকে ওই ভোটকেন্দ্রের উত্তর পাশের ভবনের ২ নম্বর মহিলা বুথে পুলিশের সামনে প্রকাশ্যে সিল মারছেন নৌকা প্রতীকের প্রার্থী লালন হায়দারের এজেন্ট আবু বকর খন্দকার। একবার তিনি এজেন্টের বেঞ্চে বসছেন। আবার তিনি পোলিং অফিসারের সামনে রাখা ব্যালট বাক্সের সামনে যাচ্ছেন। সেখানে তিনি কখনো কখনো নিজেই বাক্সে ব্যালট পেপার ফেলছেন। ওই বুথে ৪৬২ জন নারী ভোটার ছিলেন। বেশির ভাগ ভোটারকেই তাঁর উত্পাত মেনে নিতে হয়েছে।
ওই কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা ও হরিণধরা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুল ইসলাম গতকাল সন্ধ্যা ছয়টার দিকে প্রথম আলোকে বলেন, ‘শাহদৌলতপুর কেন্দ্রের ১ হাজার ৮৮৮ ভোটের মধ্যে ১ হাজার ৭৩১ ভোট পড়েছে। এখানে কোনো ঝামেলা হয়নি।’
এ কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা কুমিল্লা জেলা পুলিশ সুপার কার্যালয়ের সহকারী উপরিদর্শক (এএসআই) মো. শাহীন মিয়া বলেন, ‘আমি চেষ্টা করেছি নির্বাচনের পরিবেশ ঠিক রাখার জন্য। এত কম জনবল দিয়ে এটা রক্ষা করা সম্ভব হচ্ছে না। এরপরেও চেষ্টা করছি।’ তিনি আরও বলেন, ‘একটি কক্ষে ২০টি জাল ভোট দেওয়া হয়, আমি গিয়ে সেটি বাতিল করার জন্য প্রিসাইডিং কর্মকর্তাকে অনুরোধ করেছি।’
নারীদের ভোট পড়েনি রূপসায়
নিজস্ব প্রতিবেদক, ফরিদগঞ্জ (চাঁদপুর) থেকে
একটি ভোটও দিলেন না চাঁদপুরের ফরিদগঞ্জের দক্ষিণ রূপসা ইউনিয়নের নারীরা। বরাবরের মতোই গতকাল শনিবার অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ভোট দেওয়া থেকে বিরত ছিলেন তাঁরা। তবে কয়েকজন উৎসুক নারীকে ভোটকেন্দ্রের আশপাশে দেখা গেছে। অবশ্য তাঁরা কেউ ভোট দেননি।
এই ইউনিয়নের কাউনিয়া হানাফিয়া ফাজিল মাদ্রাসা, পশ্চিম কাউনিয়া উচ্চবিদ্যালয়, চরমান্দারি শহীদ স্মৃতি প্রাথমিক বিদ্যালয় ও গ্রিদো কালিন্দিয়া উচ্চবিদ্যালয় ভোটকেন্দ্র ঘুরে কোনো নারী ভোটারকে চোখে পড়েনি। সবকটি কেন্দ্রেই নিয়মানুযায়ী নারীদের জন্য আলাদা লাইন ও বুথের ব্যবস্থা ছিল। কিন্তু নারী ভোটার না আসায় সারা দিনই গল্পগুজব করে সময় কাটে নির্বাচন-সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের।
চরমান্দারি শহীদ স্মৃতি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের কাছে দাঁড়িয়ে ছিলেন রিনা বেগম নামের এক নারী। তিনি বলেন, ‘মহিলা গো ভোট নাই। দেখতে আইছি কেমনে ভোট চলে।’
চাঁদপুর জেলা প্রশাসনের সহকারী কমিশনার শেখ আবদুল্লাহ সাদীদ প্রথম আলোকে বলেন, ‘এই এলাকার যতগুলো কেন্দ্রে গিয়েছি, কোনো নারী ভোটারের উপস্থিতি চোখে পড়েনি, কাউকে দেখিওনি। কথিত আছে, ওই এলাকায় কলেরার প্রকোপ হওয়ার পর জৈনপুরের একজন পীর সাহেব ওই ইউনিয়নের নারীদের ভোট দিতে নিষেধ করেছিলেন। এরপর থেকে ৫০ বছর ধরে ওই ইউনিয়নের নারীরা ভোট দেন না।’