'লাশটা দেশে এনে কবর দিতে চাই
রাজশাহীর বাগমারার শারাফত আলী (৩৯) ওমানের রোস্তাক শহরের একটি হাসপাতালে মারা গেছেন। শারাফত যেখানে কাজ করতেন, সেই প্রতিষ্ঠান তাঁর লাশ দেশে পাঠানোর খরচ বহন করবে না। ফলে টাকার অভাবে শারাফতের লাশ ফেরত আনতে পারছেন না তাঁর স্ত্রী সায়েদা বেগম।
শারাফত বাগমারা উপজেলা সদরের বাগমারা গ্রামের মৃত আবির আলীর ছেলে। তাঁর লাশ দেশে পাঠানোর উদ্যোগ নিতে সরকারের প্রতি আবেদন জানিয়েছেন স্ত্রী সায়েদা। ১৭ মার্চ সকালে বাগমারা প্রেসক্লাবে এসে তিনি এ আবেদন জানান।
শারাফতের পরিবার সূত্রে জানা যায়, ভাগ্য পরিবর্তনের আশায় দুই বছর আগে জমিজমা বিক্রি করে ওমানে যান শারাফত। ওই দেশের একটি প্রতিষ্ঠানে সামান্য বেতনে চাকরি নেন তিনি। তবে তাঁকে অন্যত্র কাজ করার জন্য নিযুক্ত করা হয়। ১ মার্চ অসুস্থ হয়ে পড়লে কোম্পানিতে কর্মরত বাংলাদেশের শ্রমিকেরা তাঁকে রোস্তাক শহরের আরজিএইচ নামের একটি হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসাধীন অবস্থায় ১৩ মার্চ তিনি মারা যান। পরদিন মুঠোফোনে একই এলাকার আরেক প্রবাসী তাঁর মৃত্যুর বিষয়টি জানান। ১৫ মার্চ বিকেলে ওই প্রবাসী মুঠোফোনে জানান, কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে, তারা শারাফতের লাশ দেশে পাঠানোর কোনো ব্যবস্থা নেবে না। এ ছাড়া হাসপাতালে চিকিৎসার বকেয়া খরচও মৃত ব্যক্তির পরিবারকেই বহন করতে হবে।
শারাফতের প্রতিবেশী জোবায়েদ হোসেন বলেন, শারাফত আলীর আয়ে তাঁর বৃদ্ধা মা ও তিন ছেলেমেয়ের ভরণপোষণ হতো। ছেলের বয়স চার বছর। আর দুই মেয়ের বয়স যথাক্রমে ১৪ ও ৮ বছর। মাটির একটি বসতবাড়ি ছাড়া শারাফতের আর কিছুই নেই।
সায়েদা বেগম বলেন, তাঁর স্বামী ওমানে চিকিৎসাধীন অবস্থায় ধারদেনা করে তিনি ৯ মার্চ ব্যাংকের মাধ্যমে আরেক প্রবাসীর ব্যাংক হিসাবে দেড় লাখ টাকা পাঠান। তিনি কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘লাশটা দেশে এনে কবর দিতে চাই। নিজের খরচে দেশে লাশ আনার কোনো সামর্থ্য আমার নেই। আপনারা ব্যবস্থা করেন।’
বাগমারা উপজেলা সদরের বাচ্চু রহমানও ওমানে থাকেন। তিনি মুঠোফোনে শনিবার বিকেলে এ প্রতিবেদককে বলেন, শারাফতের লাশ রোস্তাক শহরের আরজিএইচ হাসপাতালেই আছে। তিনি কোম্পানির কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছেন। তবে লাশ বাংলাদেশে পাঠানোর কোনো খরচ কোম্পানি বহন করবে না। তিনি আরও বলেন, ওই দেশের একটি প্রতিষ্ঠান শারাফতকে অন্যত্র কাজ করাত। সেখান থেকে যা অর্থ পেতেন, এর কিছু অংশ শারাফতকে দিয়ে অবশিষ্ট সেই প্রতিষ্ঠান রেখে দিত। তবে বাংলাদেশের দূতাবাস ছাড়া এসব বিষয়ের সুরাহা সম্ভব নয়।
গত শনিবার সকালে সায়েদা বেগম স্থানীয় সাংসদ এনামুল হকের সঙ্গে সাক্ষাৎ করে বিষয়টি জানিয়েছেন। তিনি এ বিষয়ে সাংসদের সহযোগিতা চেয়েছেন। এনামুল হক বলেন, তিনি রাষ্ট্রদূত বরাবর আবেদন করার জন্য শারাফতের পরিবারকে বলেছেন। লাশ দেশে আনার জন্য উদ্যোগ নেবেন বলেও জানিয়েছেন তিনি।
এ বিষয়ে যোগাযোগ করলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাছরিন আক্তার গতকাল সোমবার সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, ‘বিষয়টি আমি জানি না। তবে এ বিষয়ে সার্বিক সহযোগিতা দেওয়া হবে।’