'লাশমুক্ত হোক শীতলক্ষ্যা নদী'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লাশমুক্ত হোক শীতলক্ষ্যা নদী, ত্বকী হত্যাকারীদের ফাঁসি চাই—এই দাবি জানিয়ে গতকাল শুক্রবার ব্যতিক্রমী সাংস্কৃতিক প্রতিবাদ সমাবেশ করে নারায়ণগঞ্জের শ্রুতি সাংস্কৃতিক একাডেমি।
নারায়ণগঞ্জের মেধাবী ছাত্র তানভীর মুহামঞ্চদ ত্বকী হত্যার ছয় মাস পূর্তি উপলক্ষে বিকেলে শহরের চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনারে ওই সমাবেশের আয়োজন করা হয়।
সংগঠনের সভাপতি আবদুর রহমানের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি মফিদুল হক। তিনি বলেন, সন্ত্রাসের দায়ে নারায়ণগঞ্জের ওসমান পরিবারের কপালে কলঙ্কের তিলক লেপন হয়েছে। সন্ত্রাসের ভয়ংকর রূপ নিয়ে তারা আত্মপ্রকাশ করেছে। তিনি বলেন, মেধাবী ত্বকীকে যারা হত্যা করেছে তারা যে পরিবার বা রাজনৈতিক দলেরই হোক না কেন তাদের অবিলম্বে গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি দাঁড় করাতে হবে।
বিশেষ অতিথির বক্তব্যে ত্বকী মঞ্চের আহ্বায়ক ও নিহত ত্বকীর বাবা রফিউর রাব্বি বলেন, ত্বকী হত্যাকাণ্ডের বিচার হতেই হবে। সরকার বিচার না করলে জনগণ তার বিচার আদায় করে নেয়। আর জনগণ বিচার আদায় করে নিলে তাতে শুধু ওসমান পরিবারই কলঙ্কিত হবে না বরং প্রধানমন্ত্রী শেখ হাসিনাও সমানভাবে কলঙ্কিত হবেন। কারণ তাহলে জনগণ বুঝবে প্রধানমন্ত্রী সন্ত্রাসী-গডফাদারদের বিচার না করে তাদের আশ্রয়-প্রশ্রয় দিয়েছেন এবং তাদের রক্ষা করে বিদেশে পালিয়ে যেতে সহযোগিতা করেছেন।
রফিউর রাব্বি আগামী জাতীয় সংসদ নির্বাচনে ওসমান পরিবারের তিন ভাইকে মনোনয়ন না দিতে আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির প্রধানের প্রতি অনুরোধ জানান।
সমাবেশে আরও বক্তব্য দেন শ্রুতি সাংস্কৃতিক একাডেমির সভাপতি আবদুর রহমান, পরিচালক ধীমান সাহা, নীতিনির্ধারণী সদস্য রণজিত কুমার ও নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সভাপতি প্রদীপ ঘোষ।
বক্তব্যের ফাঁকে ফাঁকে প্রামাণ্য চিত্র আলোর মিছিল, পথনাটক বাবার বাবা ও মূকাভিনয় সূর্যগ্রহণ প্রদর্শন করা হয়। সমাবেশ শেষে মোমবাতি জ্বালিয়ে শীতলক্ষ্যা নদীর তীরে যান অংশগ্রহণকারীরা। সেখানে মোমবাতি জ্বালিয়ে কলাগাছের ভেলায় ভাসানো হয়।
গত ৬ মার্চ বিকেলে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয় তানভীর মুহাম্মদ ত্বকী। দুদিন পর শীতলক্ষ্যা নদীর কুমুদিনী খাল থেকে ত্বকীর লাশ উদ্ধার করা হয়।