'লিঙ্গ সমতাভিত্তিক সমাজের বিকল্প নেই'
সিলেটের চা-বাগান ও হাওরাঞ্চলে এখনো নারী নির্যাতনের প্রবণতা রয়েছে। কুসংস্কার, অন্ধ বিশ্বাস, যৌতুকপ্রথা, বাল্যবিবাহসহ নানা কারণে পুরুষদের দ্বারা নারীরা প্রতিনিয়ত শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হচ্ছেন। এটি প্রতিরোধ করতে না পারলে সমাজ কোনোভাবেই সামনের দিকে এগোবে না।
গতকাল বৃহস্পতিবার সকালে নগরের শামীমাবাদ এলাকায় সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আমেরিকান কর্নারে এক কর্মশালায় বক্তারা এসব কথা বলেন।
৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আমেরিকান সেন্টারের উদ্যোগে এ কর্মশালার আয়োজন করা হয়। এতে অর্ধশতাধিক কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকা, বেসরকারি উন্নয়ন সংস্থার (এনজিও) নারী প্রতিনিধি ও ছাত্রীরা অংশ নেন।
কর্মশালায় বক্তব্য দেন আমেরিকান সেন্টার ঢাকার পরিচালক ভিরাজ লিভেইলি, সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য সুশান্ত কুমার দাস, বেসরকারি সংস্থা আরডব্লিউডিওর নির্বাহী পরিচালক সৌমিতা বেগম। আমেরিকান কর্নার সিলেটের পরিচালক মো. মোস্তফা কামাল অনুষ্ঠান সঞ্চালনা করেন।
মুক্ত আলোচনায় অংশ নেন প্রভাষক সাথী রানী দেবনাথ, বিদ্যালয় শিক্ষক নুসরাত জাহান ও মাহমুদা হাসান সিদ্দিকী, উন্নয়ন সংগঠক সুজাতা বেগম, শিক্ষার্থী ফারাহ মাহজাবিন ও সাদিয়া।
বক্তৃতায় ভিরাজ লিভেইলি বলেন, নারীর প্রতি সব ধরনের সহিংসতার বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে আওয়াজ তুলতে হবে। সমাজে নারীবান্ধব পরিবেশ তৈরি করতে পারলে একটি দেশ ও জাতি ক্রমেই উন্নতির দিকে ধাবিত হতে থাকে। উন্নয়ন প্রশ্নে নারী-পুরুষের সমতাভিত্তিক সমাজের কোনো বিকল্প নেই।
উপাচার্য সুশান্ত কুমার দাস বলেন, বাংলাদেশের সংস্কৃতিই হচ্ছে নারী-পুরুষ মিলেমিশে সমতাভিত্তিক সমাজ গঠনে কাজ করে যাওয়া। নারীরা অতীতের মতো ভবিষ্যতেও সব ধরনের প্রতিবন্ধকতা ঠেলে সমাজ গঠনে এগিয়ে যাবে।
মুক্ত আলোচনায় বক্তারা আরও বলেন, একজন নারী পরিবার থেকে শুরু করে পুরো সমাজকে বদলে দিতে পারেন। দেশের বস্ত্র খাত, কৃষি খাত থেকে শুরু করে বিভিন্ন পেশায় অংশ নিয়ে নারীরা বাংলাদেশের অর্থনৈতিক চালিকাশক্তির মূল নিয়ামক হিসেবে আবির্ভূত হয়েছেন। এর বাইরে হাওর, পাহাড় আর চা-বাগান অধ্যুষিত অঞ্চলে এখনো নারীরা নিপীড়নের শিকার হচ্ছেন। প্রতিবন্ধকতার মুখোমুখি হচ্ছেন। তাঁদের সামনে এগিয়ে যেতে উৎসাহ-উদ্দীপনা জোগাতে হবে।