
‘একসময় হামার অনেক কিছু আছলো। ঘর আছলো। গরু আছলো। নিজের জমি ছিল। ধান আলু আবাদ করছি। এলা হামার কিছুই নাই। কোণ্ঠে যে থাকমো তারও কোনো উপায় খুঁজি পাইতোছি না।’ রাস্তার পাশে আশ্রিত শফিকুল ইসলাম (৬০) আক্ষেপ করে কথাগুলো বললেন। বাড়ি তাঁর রংপুরের গঙ্গাচড়া উপজেলার গজঘণ্টা ইউনিয়নের আলমারবাজার এলাকায়। তাঁর জিজ্ঞাসা, ‘খাবার এটে-ওটে থাকি জোগার করা যাইবে। কিন্তু ঘরখান যে খাড়া করমো তার জন্যে তো টাকা লাগবে। সেই টাকা কোণ্ঠে পাই?’
শুধু শফিকুল নন, এমন কথা আরও অনেক বানভাসি মানুষের। ভেঙে যাওয়া বিধ্বস্ত ঘরের মধ্যে খোরশেদ আলম (৬৫) বসে আছেন। স্ত্রী ও তিন সন্তান নিয়ে তিনি বিপাকে পড়েছেন। কেমন করে ঘর তুলবেন এ নিয়ে দুশ্চিন্তার যেন শেষ নেই খোরশেদের।
ছানারুল ইসলাম (৫৫) বলেন, ‘পেটোত খাবার নাই। রাস্তার পাশোত গাছোত টিন বান্দিয়া আছি। ভাঙি যাওয়া ঘর কেমন করিয়া যে তুলমো। সেইগলা চিন্তায় মাথাটা ঘুরি যায়। তার ওপর খালি মানুষ আইসে। দেখি যায়। এটা-ওটা জাইনবার চায়। খালি লিস্টি (লিস্ট) করে। সাহায্য আর পাই না।’
জেলার সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকা গঙ্গাচড়া উপজেলায় গতকাল রোববার সকালে সরেজমিনে দেখা যায়, গজঘণ্টা ইউনিয়নের পাকা রাস্তায় উঠেছেন ঘরবাড়ি হারানো মানুষজন। বানের পানিতে অনেকের ঘরদুয়ার ভেসে গেলেও কিছু কিছু পরিবার ঘর ভেঙে নিয়ে আসতে পেরেছে। গাছ ও ডালের মধ্যে টিন বেঁধে কোনো রকমে মাথার ওপর ছাউনি দিয়ে আছেন রাস্তার পাশে। কিন্তু কেমন করে দিন কাটবে তাঁদের! কীভাবে জুটবে দুবেলা দুমুঠো ভাত। এই চিন্তায় তাঁরা অস্থির।
শুধু গজঘণ্টাই নয়, মানুষের দুরবস্থার এমন চিত্র দেখা গেল গঙ্গাচড়া উপজেলার নোহালী, আলমবিদিতর, কোলকোন্দ, সদর, লক্ষ্মীটারী, মর্ণেয়া ইউনিয়নেও। এভাবে রাস্তার পাশে ভাঙা ঘর নিয়ে এসে কোনো রকমে মাথা গোঁজার ঠাঁই করেছে কয়েক শ পরিবার। সরকারি উদ্যোগে ঘর নির্মাণের দাবি জানান তাঁরা।
রংপুর জেলা প্রশাসনের ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা ফরিদুল হক গতকাল প্রথম আলোকে বলেন, জেলায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এলাকা হলো গঙ্গাচড়া। জেলায় মোট ক্ষতিগ্রস্ত পরিবারের সংখ্যা ৮১ হাজার ৭১১। ছয় উপজেলার মধ্যে গঙ্গাচড়া উপজেলাতেই ক্ষতিগ্রস্ত পরিবার হলো ২৪ হাজার ৮৫০। এখনো কোনো পরিবারকে ঘরবাড়ি নির্মাণে আর্থিক সহায়তা দেওয়া হয়নি। তবে তালিকা করা হচ্ছে। দুই সপ্তাহ সময় লাগবে বলে তিনি মন্তব্য করেন।