'লিয়াকত আলী স্মারকগ্রন্থ'র প্রকাশনা অনুষ্ঠান
একসময় খুলনাসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চল ছিল সাংবাদিকদের জন্য আতঙ্ক। এখানে সাংবাদিক হুমায়ুন কবির বালু, মানিক চন্দ্র সাহা, শেখ হারুনুর রশীদ, শেখ বেলাল উদ্দীন, যশোরের শামসুর রহমানসহ অনেকেই সন্ত্রাসীদের হাতে প্রাণ হারিয়েছেন। তারপরও এ অঞ্চলের সাংবাদিকেরা সাহসিকতার সঙ্গে পেশাগত দায়িত্ব পালন করেছেন। সাহসিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন অব্যাহত রাখতে হবে।
গতকাল খুলনার একটি হোটেলে দৈনিক পূর্বাঞ্চল-এর প্রতিষ্ঠাতা সম্পাদক লিয়াকত আলীর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে লিয়াকত আলী স্মারকগ্রন্থ-এর প্রকাশনা অনুষ্ঠানে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী এসব কথা বলেন।
উপদেষ্টা বলেন, জনগণ ও দেশের উন্নয়নে সব ক্ষেত্রে সাংবাদিকদের সাহসী ভূমিকা রাখতে হবে। তিনি পূর্বাঞ্চল-এর সম্পাদক লিয়াকত আলীর স্মৃতিচারণা করে বলেন, লিয়াকত আলী শুধু একজন সাহসী ও সৎ সাংবাদিক নন, তিনি ছিলেন সমাজসেবক ও উন্নয়নের কান্ডারি। পদ্মা সেতুর আন্দোলনসহ খুলনার যেকোনো উন্নয়ন আন্দোলনে লিয়াকত আলীর অবদান ছিল অবিস্মরণীয়।
খুলনার দৈনিক পূর্বাঞ্চল ও ডেইলি ট্রিবিউন-এর সম্পাদক বেগম ফেরদৌস আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন বাগেরহাট-৩ আসনের সাংসদ তালুকদার আবদুল খালেক, খুলনা-৪ আসনের সাংসদ এস এম মোস্তফা রশিদী, খুলনা-২ আসনের সাংসদ মুহাম্মদ মিজানুর রহমান, মহানগর বিএনপির সভাপতি নজরুল ইসলাম, বিভাগীয় কমিশনার মো. আবদুস সামাদ, খুলনা সিটি করপোরেশনের মেয়র মনিরুজ্জামান, জেলা পরিষদের প্রশাসক শেখ হারুনুর রশীদ, খুলনা মহানগর পুলিশ কমিশনার নিবাস চন্দ্র মাঝি, জেলা প্রশাসক নাজমুল আহসান, খুলনা প্রেসক্লাবের সভাপতি এস এম নজরুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠান শুরুর আগে লিয়াকত আলী স্মারকগ্রন্থ-এর প্রকাশনা অনুষ্ঠানে বইয়ের মোড়ক উন্মোচন করেন প্রধান অতিথি। স্মারকগ্রন্থের ওপর আলোচনা করেন অধ্যাপক আবুবকর সিদ্দিক ও অধ্যাপক আনোয়ারুল কাদির।