'লেখকের কথা' বইয়ের মোড়ক উন্মোচন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘একজন মানুষকে নারী বা পুরুষ হিসেবে আলাদা করে তোলে তার সমাজ। লেখকের কোনো জেন্ডার নেই। নারীবাদের মূল কথা, নারী- পুরুষের অগ্রযাত্রায় একসঙ্গে চলা। ’ গতকাল শনিবার বাংলা একাডেমীর কবি শামসুর রহমান মিলনায়তনে লেখকের কথা বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এ কথা বলেন বক্তারা।
নারীদের জীবনের নানা বিষয় নিয়ে সাক্ষাৎকারভিত্তিক বই প্রকাশ করেছে রাইটারস ডট ইংক। বইয়ের সম্পাদনা করেছেন পাপড়ি রহমান ও জ্যাকী কবির।
১০ জন লেখকের সাক্ষাৎকারভিত্তিক বই লেখকের কথা। এঁরা হলেন নূরজাহান বোস, নিয়াজ জামান, সেলিনা হোসেন, ঝর্ণা দাশ পুরকায়স্থ, আনোয়ারা সৈয়দ হক, সালেহা চৌধুরী, মালেকা বেগম, জাহানারা নওশিন, ঝর্না রহমান ও পাপড়ি রহমান।
বক্তারা বলেন, নারীরা সাধারণত তাঁর স্বামী বা পরিবারকে নিয়ে ব্যস্ত থাকেন। নিজের জন্য আলাদা করে ভাবার সময় পান না। কিন্তু এর ভেতর থেকেই কিছু কিছু নারী অনেক সংগ্রম করে তাঁদের স্বপ্ন পূরণ করতে পেরেছেন। তাঁদের গল্পই উঠে এসেছে এই সাক্ষাৎকারে। বক্তারা বাংলা সাহিত্যর প্রবীণ নারী লেখকদের লেখা সংরক্ষণের জন্য প্রকাশকদের আহ্বান জানান।
লেখকের কথা নিয়ে আলোচনা করেন সেলিনা হোসেন, অধ্যাপক সোনিয়া নিশাত আমিন এবং নুরুন আখতার। এ ছাড়া অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিশিষ্ট কবি সৈয়দ শামসুল হক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলা একাডেমীর মহাপরিচালক শামসুজ্জামান খান। বইটির মূল্য ৩০০ টাকা।