‘লেখকেরা’ করছেন জাল দলিল!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামালপুরের মাদারগঞ্জ সাব-রেজিস্ট্রি কার্যালয়ে একটি চক্র ভুয়া পর্চা তৈরি করছে। পর্চায় নাম পাল্টে সাব-রেজিস্ট্রারকে দিয়ে দলিল পাস করিয়ে নেওয়া হচ্ছে বলেও অভিযোগ পাওয়া গেছে। এ ছাড়া ভুয়া দলিল করে জমি দখল ও হয়রানিমূলক মামলার ঘটনাও ঘটছে। এমন জালিয়াতির সঙ্গে জড়িত থাকার অভিযোগে সম্প্রতি এক দলিল লেখককে সাময়িক বরখাস্ত করা হয়েছে।খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলার কড়ইচড়া ইউনিয়নের বড় ভাংবাড়ি গ্রামের হজরত আলী ৩০ বছর ধরে ২৬ শতাংশ জমি ভোগদখল করে আসছেন। হজরত আলীর মেজো ভাই আবদুর রহিম অভিযোগ করেন, ভুয়া দাতা ও গ্রহীতাদের নিয়ে দলিল লেখক আবদুর রেজ্জাক ভুয়া পর্চা তৈরি করে একটি জাল দলিল করে দেন। ওই দলিল মূলে গত ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে গোলাম মোস্তফা, মুছা আলী, সরিফ উদ্দিন, মিয়াফুল, মমতা বেগম তাঁদের দখলীয় জমিতে রাতের আঁধারে একটি একচালা ঘর ওঠান। এ নিয়ে অভিযুক্তরা দুটি মামলাও করেছেন। এ ব্যাপারে গোলাম মোস্তফা ও মুছা আলী প্রথম আলোকে বলেন, যদি জাল দলিল করে থাকি, তাহলে তাঁরা মামলা করুক। আদালতেই তার জবাব দেব। একইভাবে গুনারিতলা ইউনিয়নের গুনারিতলা পূর্বপাড়া গ্রামের মৃত তোফাজ্জল হোসেন আনসারির ১ দশমিক ৯১ শতাংশ কৃষিজমি গত ১৫ ফেব্রুয়ারি (দলিল নম্বর ১০৬১) জালিয়াতির মাধ্যমে নিবন্ধন করা হয়। গুনারিতলা পূর্বপাড়া গ্রামের শাহ্ জামাল অভিযোগ করেন, তিন বছর আগে তোফাজ্জল হোসেনের কাছ থেকে ২৮ শতাংশ জমি কিনেন তিনি। সেখানে তাঁরা বাড়িঘর করেন। অথচ একই এলাকার দলিল লেখক জিয়াউল হক (লাইসেন্স নম্বর ১০৫) দাতা ও ক্রেতাদের সঙ্গে মিলে ভুয়া পর্চা তৈরি করে মৃত তোফাজ্জল আনসারির নাম পাল্টে ১১ জন গ্রহীতার নামে ওই জমি নিবন্ধন করে দেন। পরে ওই ১১ জন জমিটি নিজেদের দাবি করে আমাদের ঘরবাড়ি ভেঙে ফেলার নির্দেশ দেন। এ ঘটনায় শাহ্ জামাল নিজে বাদী হয়ে মাদারগঞ্জ থানায় একটি মামলা করেন।উপজেলা সাব-রেজিস্ট্রার আবদুল জলিল ভুয়া পর্চা তৈরি হওয়ার কথা স্বীকার করেছেন। তিনি প্রথম আলোকে বলেন, ভুয়া পর্চা দেখিয়ে দলিল করে দেওয়ার জন্য আবদুর রেজ্জাক নামের এক দলিল লেখককে মৌখিকভাবে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এর পরও কেউ সাবধান না হলে দলিল লেখকের লাইসেন্স স্থায়ীভাবে বাতিল করা হবে।দলিল লেখক আবদুর রেজ্জাক বলেন, ‘দাতা-গ্রহীতা মিলে যে কাগজ নিয়ে আসেন, সেই কাগজ দেখেই আমরা দলিল তৈরি করি।’ কিন্তু সাব-রেজিস্ট্রার তো আপনাকে সাময়িক বরখাস্ত করেছেন—এমন কথার জবাবে তিনি বলেন, ‘এটা আমার ভুল হয়ে গেছে। ভবিষ্যতে আর হবে না।’ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শওকত আলী বলেন, যদি কোনো দলিল লেখক জমির ভুয়া কাগজপত্র তৈরি করেন, তাহলে তাঁরা শাস্তি পাবেন।