'লেডি বাগান' পার্ক এখন একখণ্ড জমি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পুরান ঢাকার বংশালে অবস্থিত লেডি বাগান পার্ক l প্রথম আলো
পুরান ঢাকার বংশালে অবস্থিত লেডি বাগান পার্ক l প্রথম আলো

মুখে মুখে প্রচলিত নাম ‘লেডি বাগান’। আর কাগজে-কলমে বংশাল ত্রিকোনাকৃতি পার্ক। কিন্তু পার্ক বলতে যা বোঝায় ঠিক তেমনটি আর নেই। আয়তন কমতে কমতে একখণ্ড সংকীর্ণ জমি। দোকান আর আবর্জনায় ঘেরা জায়গাটিকে এখন আর পার্ক বলে চেনা যায় না।
পুরান ঢাকার বংশাল পুরোনো চৌরাস্তা এলাকায় পার্কটি অবস্থিত। সংকীর্ণ ত্রিভুজের মতো দেখতে পার্কের চারদিকে লোহার গ্রিল দিয়ে ঘেরা। দক্ষিণ সিটি করপোরেশনের তালিকায় নাম বংশাল ত্রিকোনাকৃতি পার্ক। তবে কোনো নামফলক বা সাইনবোর্ড নেই কোথাও। আশপাশের মানুষও পার্কটিকে এই নামে চেনে না। এলাকার প্রবীণ বাসিন্দা সোহরাব হোসেন বললেন, ‘ব্রিটিশ আমলে লেডিসরা বেড়াইতে আইতো এইহানে। তাই সবাই কইতো লেডি বাগান। পরে ওইটাই নাম হয়া যায়।’
গতকাল গিয়ে দেখা যায়, পার্কের ফটক তালাবদ্ধ। সীমানা ঘিরে ফল, ভাজাপোড়া, চটপটি আর রিকশা সারাইয়ের দোকান। একধারে পুরোনো টিন স্তূপ করে রাখা। আর ফ্রেঞ্চ রোডের দিকে পার্কের সীমানা ঘেঁষে আবর্জনার কনটেইনার। চারপাশে দখলের ভিড়ে পার্কটিকে আলাদা করে চোখে পড়ে না।
দক্ষিণ সিটি করপোরেশনের ওয়েবসাইটে পার্কটির আয়তন বলা আছে শূন্য দশমিক ২ একর। এলাকার প্রবীণেরা বলেন, আগে পার্কটি আয়তনে বেশ বড় ছিল। পার্কের ভেতর ‘যুব পাঠাগার’ নামে একটি লাইব্রেরি এবং শরীরচর্চার ক্লাবও ছিল একসময়। তবে ১৯৭১ সালের পর কয়েক দফায় রাস্তা সম্প্রসারণের সময় পার্কের অর্ধেকের বেশি জায়গা হারিয়ে গেছে। এলাকার অধিবাসী মো. নূরু বলেন, ‘আমাদের ছোটকালে পার্কে ভালুকের খেলা হইতো। আমরা ফুটবল খেলছি এই মাঠে। এখন হাঁটার জায়গাই নাই।’
গতকাল পার্কের সীমানার ভেতর আবর্জনা পড়ে থাকতে দেখা যায়। ১৯৯৮ সালে তৎকালীন মেয়র মোহাম্মদ হানিফের উদ্যোগে পার্কে একটি ফোয়ারা তৈরি হয়। তবে বছর দশেক ধরেই তা অচল রয়েছে বলে এলাকাবাসী জানালেন। তাঁরা বলেন, পার্কের দেখভালের জন্য প্রায় ২০ বছর ধরে কোনো লোকবল নিয়োগ করা হয়নি। এলাকার বাসিন্দাদের উদ্যোগে মাঝেমধ্যে পরিষ্কার করা হয়।
পার্কটি দক্ষিণ সিটি করপোরেশনের ৩৫ নম্বর ওয়ার্ড এলাকায়। ওয়ার্ডের কাউন্সিলর প্রথম আলোকে বলেন, ‘এটা তো আসলে আর পার্ক না। আমাদের সৌন্দর্যবর্ধনের পরিকল্পনা আছে। আমরা আলোচনা করব।’