‘লেবু গ্রাম’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লেবুর চাষ করে ময়মনসিংহের নান্দাইল উপজেলার এক অজপাড়াগাঁয়ে পরিবর্তনের হাওয়া বইয়ে দিয়েছেন কয়েকজন কৃষক। অল্প জমিতে ধান ছাড়া অন্য ফসল ফলিয়েও বেশি লাভবান হওয়ার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন তাঁরা। প্রথম শুরু করেছিলেন একজন। তাঁর দেখাদেখি আরও অনেকেই এগিয়ে আসায় ছোট্ট বাঁশহাটি গ্রামটি আজ ‘লেবুগ্রাম’ হিসেবে পরিচিতি পেয়েছে। ‘লেবুগ্রাম’ বললেই এলাকার ছেলে-বুড়ো সবাই চিনিয়ে দেয়।নান্দাইল চৌরাস্তা থেকে নেত্রকোনার কেন্দুয়া যাওয়ার পথে পড়ে বাঁশহাটি গ্রাম। কাঁচা রাস্তা ধরে গ্রামে ঢুকতে গেলে চোখে পড়বে সারি সারি শিমগাছের উঁচু মাচা। গ্রামে ঢুকে যেদিকে চোখ যায় এক টুকরো পতিত জায়গাও ফাঁকা পাওয়া যায় না। লাউ, কুমড়ো ও নানা জাতের সবজির গাছ, ধানি জমি দেখে অভ্যস্ত চোখ হঠাত্ যেন খাবি খায়। এসব দেখে গ্রামের কৃষিকাজে পরিবর্তনের হাওয়া বইছে আঁচ করা যায়। আর একটু ভেতরে গেলে বিশাল এলাকাজুড়ে চোখে পড়ে লেবুর বাগান। বাগান না বলে লেবুর অরণ্য বলাই ভালো। বড় বড় সব লেবুর বাগান দেখে গ্রামটির আসল নাম হারিয়ে যাওয়ার পেছনের রহস্য বোঝা গেল।শুরুটা যেভাবে: উপজেলার চণ্ডীপাশা ইউনিয়নের এই গ্রামের জমি বেশ উঁচু। পানির অভাবে এখানকার কৃষকেরা বর্ষাকাল ছাড়া ধানের চাষ করতে পারতেন না। গ্রামের বেশির ভাগ জমি ছিল এক ফসলি। বছরের বাকি সময়টা বহু জমি অনাবাদি পড়ে থাকত। ফলে এ গ্রামের কৃষকদের সারা বছর অর্থকষ্ট লেগেই থাকত। বছর পনেরো আগে গ্রামের আবদুল খালেক (৪৫) লেবুর চাষ শুরু করেন। তিনি জানান, প্রথমে তিনি পুকুর পাড়ের পরিত্যক্ত জমিতে লেবুর চারা লাগান। দেখতে দেখতে গাছগুলোতে প্রচুর লেবু ধরে। লেবুর ভারে গাছ নুয়ে পড়ার দশা। সে বছরই কৃষক খালেক ধানের চেয়ে দু-তিনগুণ বেশি লাভ পান। সেই থেকে শুরু। এখন তাঁর ৪০ কাঠা (চার একর) জমিতে লেবুর চাষ হচ্ছে। চাষি ফাইজুল্লাহ (৫৫) জানান, বর্ষাকালে প্রচণ্ড বর্ষণে জমিতে বৃষ্টির পানি জমে যায়। হুমকির মুখে পড়ে লেবুর বাগান। কৃষি কার্যালয়ের পরামর্শে বাগানে জমে থাকা পানি নষ্ট না করে গাছের গোড়া মাটি দিয়ে উঁচু করে দেন। এতে ফল হয় ভালো। খরচাপাতি: আবদুল খালেক জানান, এক কাঠা (১০ শতাংশ) জমিতে লেবুর চাষ করলে বর্তমান বাজারদরে ১৫ হাজার টাকা খরচ পড়ে। প্রতি কাঠায় ৫০-৫৫টি চারা লাগানো যায়। চারার জন্য অন্য কোথাও যেতে হয় না। কলম পদ্ধতিতে পাশের বাগান থেকেই চারা সংগ্রহ করা যায়। প্রথম ফলনের পর প্রাথমিক বিনিয়োগের টাকা সবটাই উঠে আসে। জমিতে গোবর ও পরিমাণমতো পটাশ, সালফেট ব্যবহার করতে হয়। বৈশাখ মাসে ফলন শুরু হয়। চলে সারা বছর। বাজারজাত: লেবুচাষি আবুল হাশেম জানান, লেবু নিয়ে তাঁদের বাজারে যেতে হয় না। ব্যবসায়ীরা মৌসুমের শুরুতেই নগদ টাকা দিয়ে বায়না করে যান। প্রতি ১০০ লেবু ৫০০-৬০০ টাকায় বিক্রি হয়। শামসুদ্দিন ও আবদুস ছালাম নামের দুই ব্যবসায়ী জানান, বাজারের বেশির ভাগ লেবু সিলেট অঞ্চলের। দামও আকাশছোঁয়া। তা ছাড়া লেবু কেনার জন্য দূরের বিভিন্ন মোকামে যেতে হয়। বাজারের কাছাকাছি গ্রাম থেকে তাঁরা সহজেই লেবু সংগ্রহ করতে পারছেন। এই লেবু বেশ সুগন্ধযুক্ত। স্থানীয় বাসিন্দারা অনেকে গোলাকৃতির এ লেবুকে ‘সুবাসি লেবু’ বলে ডাকে। জনপ্রতিনিধি ও কর্মকর্তাদের কথা: চণ্ডীপাশা ইউপির চেয়ারম্যান এমদাদ হোসেন ভূঁইয়া বলেন, বাঁশহাটি গ্রামের কৃষকেরা শুধু ধান-পাটচাষে লেগে না থেকে অন্য ফসল ফলিয়ে সাফল্য কীভাবে পাওয়া যায় তা দেখিয়ে দিয়েছেন। উপজেলা কৃষি কর্মকর্তা আবদুস ছাত্তার বলেন, ‘আমাদের উপসহকারী কৃষি কর্মকর্তারা লেবুর বাগানে সুষম ও যথাযথভাবে সার প্রয়োগের পরামর্শ দিয়ে আসছেন।’