বিএনপি ১০টির বেশি আসন পাবে না—যদি প্রধানমন্ত্রীর এই বিশ্বাস থাকে, তাহলে সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।গতকাল রোববার বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পূর্বঘোষিত এক বিক্ষোভ সমাবেশ থেকে মির্জা ফখরুল এ আহ্বান জানান।এর আগের দিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক অনুষ্ঠানে বলেছিলেন, ‘বিরোধীদলীয় নেত্রী এখন বলছেন, আগামী নির্বাচনে ১০টি আসনও নাকি পাব না। জানি না, এটা আবার তাদের ক্ষেত্রেই প্রযোজ্য হয়ে যায় কি না।’প্রধানমন্ত্রীর এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, ‘প্রধানমন্ত্রী বলেছেন, আমরা নাকি ১০টির বেশি আসন পাব না। এমনই যদি হবে, তবে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিন। লেভেল প্লেয়িং ফিল্ড দিন। খেলা হোক। দেখা যাক, কে জেতে। মানুষ সেই খেলা দেখতে চায়।’ তিনি বলেন, ’৯১ সালেও শেখ হাসিনা কলকাতায় বলেছিলেন, বিএনপি ১০টির বেশি আসন পাবে না। সেবার বিএনপি সরকার গঠন করেছিল। বিএনপি আসন বণ্টন করে না। জনগণের আস্থায় বিশ্বাস করে।মির্জা ফখরুলের অভিযোগ, প্রতিটি ক্ষেত্রে সরকার দুর্নীতি করছে। দেশের অর্থনীতি তীব্র গতিতে রসাতলে যাচ্ছে। কিন্তু সরকারের সেদিকে কোনো নজর নেই। তাঁদের নজর বিরোধী দল দমনের দিকে। তিনি বলেন, পদ্মা সেতুর দুর্নীতি নিয়ে প্রথম আলো ও ডেইলি স্টার সংবাদ প্রকাশ করেছে। সরকার বলছে, তারা মিথ্যা লিখেছে। সরকারের পক্ষে লিখলে এই দুটি পত্রিকা ভালো থাকে, আর বিপক্ষে লিখলে খারাপ হয়ে যায়।প্রস্তাবিত বাজেটকে ‘গণবিরোধী’ আখ্যা দিয়ে ১৮ দলীয় জোটের ঢাকা মহানগর কমিটি আয়োজিত প্রতিবাদ সমাবেশে অন্যান্যের মধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার, আবদুল মঈন খান, জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মুজিবুর রহমান, ইসলামী ঐক্যজোটের মহাসচিব আবদুল লতিফ নেজামীসহ জোটের নেতারা বক্তব্য দেন।সভাপতির বক্তৃতায় মহানগর বিএনপির সদস্যসচিব আবদুস সালাম দলের কারাবন্দী নেতাদের মুক্তির দাবিতে ২৮ জুন বিক্ষোভ সমাবেশের কর্মসূচি ঘোষণা করেন।