‘লোভে পড়ে জেলে যেতে হচ্ছে’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘রাখি (পণ্য মজুদ) ব্যবসা করতাম। ওই ব্যবসার আয় দিয়ে ভালোই চলত। শুনেছি ফেনসিডিল বিক্রি বা পরিবহন দুটোতেই প্রচুর লাভ। এ কারণে লোভে পড়ে এ ব্যবসায় নামি। এখন পুলিশের হাতে ধরা পড়ে আমাদের জেলে যেতে হচ্ছে।’এ স্বীকারোক্তি ফেনসিডিলের ব্যবসা করার অভিযোগে গ্রেপ্তার হওয়া শাহীনুর রহমানের (২৮)। একই অভিযোগে তাঁর আপন ভাই আমিনুর রহমানকেও (২৬) আটক করা হয়েছে। গতকাল সোমবার সকাল ১০টার দিকে খুলনা-পিরোজপুর-বরিশাল সড়কের পিরোজপুরের বলেশ্বর সেতু এলাকা থেকে গোয়েন্দা পুলিশের একটি দল তাঁদের আটক করে। তাঁরা মোটরসাইকেলযোগে ফেনসিডিলের বোতল নিয়ে যাচ্ছিলেন। তাঁরা সাতক্ষীরা শহরের ছাতিয়ানা এলাকার এনামুল হকের ছেলে।পিরোজপুর গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক দেলোয়ার হোসেন জানান, আটক করা ব্যক্তিদের মোটরসাইকেলের বসার আসনের নিচে ৩০ বোতল ফেনসিডিল পাওয়া যায়। শাহীনুর রহমান আরও জানান, ঝালকাঠি শহরের লঞ্চঘাট এলাকার জনৈক সিকদারের কাছে এগুলো পৌঁছানোর কথা। এ কারণে তিনি তাঁর ভাই আমিনুর রহমানকে নিয়ে সেখানে যাচ্ছিলেন। ফেনসিডিলগুলো পৌঁছাতে পারলে তিনি তিন হাজার টাকা পেতেন। ১০-১২ দিন আগে তিনি ২০ বোতল ফেনসিডিল একই ব্যক্তির কাছে গিয়েছিলেন। প্রথমবার ফেনসিডিল পৌঁছাতে গিয়ে কোনো ঝামেলা হয়নি। এ কারণে এবার তিনি ফেনসিডিলের পরিমাণ বাড়িয়ে এনেছিলেন। পিরোজপুর গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক মো. দেলোয়ার হোসেন জানান, শাহীনুর রহমান ও তাঁর ভাই আমিনুর রহমানের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।