‘লৌহদ্বীপ’ নিয়ে মতপার্থক্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের খানসামা উপজেলায় আত্রাই নদীর ‘লৌহদ্বীপ’ নিয়ে বিশেষজ্ঞদের মধ্যে মতপার্থক্য দেখা দিয়েছে।বড়পুকুরিয়া কয়লাখনির ভূতত্ত্ববিদেরা বলছেন, ওই স্থানে লোহার অস্তিত্ব আছে। তবে তা ঠিক খনি নয়।জিওলজিক্যাল সার্ভে অব বাংলাদেশের (জিওবি) বিশেষজ্ঞদেরও প্রায় একই মত। তাঁদের মতে, ওই এলাকায় লোহার খনি থাকার কোনো কারণ নেই। আত্রাই নদীর ওই দ্বীপ বা পাহাড় প্রাচীনকালের অস্ত্র তৈরির কাঁচামালের ঢিবি বা স্তূপ হতে পারে।অপরদিকে দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকাবিজ্ঞান বিভাগের অধ্যাপক শাহাদাত হোসেন বলেন, ওই দ্বীপের লৌহসদৃশ খণ্ড পরীক্ষার পর তাতে লিমোনাইট (ষরসড়হরঃব) অর্থাৎ অক্সিজেন ও পানি পাওয়া গেছে। এ ছাড়া তাতে অক্সাইড ও হাইড্রোক্সাইড রয়েছে, যা প্রমাণ করে এটি লোহার খনি। তিনি আরও জানান, বিশ্ববিদ্যালয়ের গবেষণাগারে সংরক্ষিত আকরিকের সঙ্গে ওই নদী থেকে সংগৃহীত নমুনার হুবহু মিল আছে।প্রথম আলোয় সংবাদ প্রকাশের পর জেলা প্রশাসনের আহ্বানে সম্প্রতি ঘটনাস্থল পরিদর্শন এবং ওই স্থানের লৌহসদৃশ খণ্ডের নমুনা সংগ্রহ করেন হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকাবিজ্ঞান বিভাগ এবং বড়পুকুরিয়া কয়লাখনির ভূতত্ত্ববিদেরা।খানসামা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ টি এম জিয়াউল হক জানান, হাজী মোহাম্মদ দানেশ বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকাবিজ্ঞান বিভাগের অধ্যাপক শাহাদাত হোসেন, বড়পুকুরিয়া কয়লাখনির ব্যবস্থাপনা পরিচালক মো. কামরুজ্জামান, কয়লাখনির উপমহাব্যবস্থাপক (জিওলজি অ্যান্ড হাইড্রো-জিওলজি) মীর আবদুল হান্নানসহ একদল বিশেষজ্ঞ ওই দ্বীপ পরিদর্শন ও নমুনা সংগ্রহ করেন।বড়পুকুরিয়া কয়লাখনির এমডি মো. কামরুজ্জামান বলেন, ওই স্থানে লোহার অস্তিত্ব আছে—এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। তবে এটি ঠিক খনি নয়। কারণ, নদীর মাঝে লম্বা ও গোলাকার দ্বীপ ছাড়া আশপাশে বা নদীর দুই তীরে কোনো কঠিন অংশ নেই।বিশেষজ্ঞদের মতে, দ্বীপটি যদি লোহা দিয়ে তৈরি অস্ত্রের কাঁচামালের স্তূপ হতো, তাহলে প্রবল বন্যার স্রোতে অনেক আগেই তা ভেসে যেত। তা ছাড়া ওই স্থানে যে অস্ত্র তৈরির কারখানা ছিল, সেই ব্যাপারে ঐতিহাসিক বা প্রত্নতাত্ত্বিক কোনো তথ্য এখনো পাওয়া যায়নি। দিনাজপুরের জেলা প্রশাসক মো. জামাল উদ্দিন আহমেদ বলেন, ‘প্রাথমিক তথ্য অনুসন্ধানকারী বিশেষজ্ঞ দলের প্রতিবেদন পাওয়ার পর বিষয়টি নিয়ে সরকারের উচ্চপর্যায়ে কথা বলব।’