‘ল্যাংটা বাহিনী’র সর্দারসহ গ্রেপ্তার ২, আহত ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লালমনিরহাটের সদর উপজেলায় ডাকাতির সময় ‘ল্যাংটা বাহিনী’র সর্দারসহ দুজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী।গত বৃহস্পতিবার দিবাগত রাতে সদর উপজেলার তিস্তার দুর্গম চরাঞ্চল খুনিয়াগাছ ইউনিয়নের হরিণচরা গ্রামে এ ঘটনা ঘটে। এ সময় ডাকাতদের ছুরিকাঘাতে তিনজন গুরুতর আহত হন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন থেকে ‘ল্যাংটা বাহিনী’র সদস্যরা উলঙ্গ হয়ে গায়ে তেল মেখে তিস্তার দুর্গম চরাঞ্চলের বিভিন্ন গ্রামে চুরি ও ডাকাতির পাশাপাশি নারীদের ধর্ষণ করে আসছিল। বৃহস্পতিবার রাতে ওই বাহিনীর চার সদস্য হরিণচরা গ্রামের তহিজারের বাড়িতে ডাকাতি শেষে পাশের এমাদ আলীর বাড়িতে হানা দেয়। ডাকাতদের উপস্থিতি টের পেয়ে বাড়ির লোকজন ওই বাহিনীর সর্দার বকুল সরকার (৩৫) ও আমজাদ হোসেনকে (৪০) ধরে ফেলে। এ সময় ডাকাতদের ছুরিকাঘাতে তাহের আলী, জাহাঙ্গীর আলম ও এমাদ আলী গুরুতর আহত হন। গুরুতর অবস্থায় তাহেরকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে গ্রামবাসী আটক ডাকাতদের পিটুনি দেয় এবং চোখ উপড়ে ফেলার চেষ্টা করে। খবর পেয়ে শুক্রবার সকালে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। কিন্তু গ্রামবাসী তাদের পুলিশে সোপর্দ করতে অস্বীকৃতি জানায়। পরে দুপুরে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শামীম আলম ও সহকারী কমিশনার (ভূমি) আলম হোসেন ঘটনাস্থলে গিয়ে গ্রামবাসীকে বুঝিয়ে ডাকাতদের পুলিশে সোপর্দ করেন। ঘটনার সত্যতা নিশ্চিত করে লালমনিরহাট সদর থানার উপপরিদর্শক (এসআই) জিয়াউল হক বলেন, এ ঘটনায় পূর্ব হরিণচরা গ্রামের এমাদ আলী বাদী হয়ে শুক্রবার রাতে চারজনকে আসামি করে মামলা করেছেন।