‘লড়াই করিয়া বাঁচমু, মরার আগে মরতাম নায়’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘হিতা (সেসব) দিনর কথা মনো অইলে অখনো আমি রাইত ঘুমাইতাম পারি না। হুরুতার (সন্তানদের) বাপরে মাটি দিয়া আইতে না-আইতে তারা (স্বামীর আত্মীয়স্বজন) আমারে গালাগালি শুরু করলা। আমি ডাইনি, আমার লাগি তাইন মারা গেছইন। অউ থাকি শুরু অইলো আমার বিরুদ্ধে অপবাদ। আমার শ্বাসো (নিঃশ্বাস) বিষ। আমার কানদাত (কাছে) যে আইব তার এইডস রোগ অইব। পুষ্কুনিত (পুকুরে) গোসল করতে দেয় না, ফানি নষ্ট অইযাইব। ই ফানিত যে গোসল করবা তার এইডস অইযাইব। আমারে তাড়াইবার লাগি চেয়ারম্যানোর অফিসও কত সালিস-বৈঠক করা অইছে। আমি দুর্বল অইছি না।’সজল চোখে কথাগুলো বলছিলেন ফেঞ্চুগঞ্জ উপজেলার গৃহবধূ আফিয়া বেগম (ছদ্মনাম)। স্বামীর মাধ্যমে এইচআইভির জীবাণু বহনকারী এই নারী শত প্রতিকূলতা ঠেলে কীভাবে জীবনযুদ্ধ চালিয়ে যাচ্ছেন, সে বর্ণনা দিচ্ছিলেন। তিনি বলেন, ‘অফিসর (এনজিও) মাইনষে আইয়া হকলরে বুঝাইলা। আস্তে আস্তে মাইনষে বুঝলা। অখন গাউর মাইনষে আমারে সাহায্য-সহযোগিতা কররা।’ খানিক বিরতি দিয়ে ফের শুরু করেন আফিয়া, ‘সুস্থ মানুষওতো অ্যাকসিডেন্টে মারা যায়। যত দিন বাঁচমু লড়াই করিয়া বাঁচমু। মরার আগে মরতাম নায়।’মরণব্যাধি এইডসে অকালমৃত্যু হয়েছে আফিয়ার স্বামী সবুজ মিয়ার (ছদ্মনাম)। ১৯৯৩ সালে সবুজ আরব-আমিরাতে শ্রমিকের ভিসা নিয়ে কাজ করতে গিয়েছিলেন। প্রবাসে উচ্ছৃঙ্খল জীবন যাপন করে অসুস্থ হয়ে পড়েন। চিকিৎসকের শরণাপন্ন হলে পরীক্ষা-নিরীক্ষায় তাঁর শরীরে এইচআইভির জীবাণু শনাক্ত হয়। দেশে পাঠিয়ে দেওয়া হয় তাঁকে। দেশে ফিরে পরিবারের কাছে রোগের কথা চেপে যান সবুজ। আশার আলো সোসাইটি নামে বেসরকারি একটি সংস্থার অধীনে গোপনে চিকিৎসা নিতে থাকেন। ইতিমধ্যে তাঁর স্ত্রীও এইডসে আক্রান্ত হন। এ অবস্থায় দুটি মেয়ে জন্ম হয় তাঁদের ঘরে। ২০০৩ সালের ২০ নভেম্বর মারা যান সবুজ। একই রোগে একটি মেয়েরও মৃত্যু হয়। স্বামীর অকালমৃত্যুর জন্য শ্বশুরবাড়ির লোকজন দায়ী করলেন আফিয়াকে (২৮)। এইডস সম্পর্কে অজ্ঞতা, অপপ্রচার ও ভীতির কারণে গ্রামের লোকজন একঘরে করে রাখল আফিয়াকে। এ অবস্থায় তাঁর পাশে এসে দাঁড়ায় সরকারি-বেসরকারি বিভিন্ন সংস্থার কর্মকর্তা, চিকিৎসক, জনপ্রতিনিধি ও সংবাদকর্মীরা। তাঁদের সচেতনতামূলক প্রচারের কারণে গ্রামের লোকজন ভুল বুঝতে পারে। ধীরে ধীরে আফিয়া সমাজে স্বাভাবিকভাবে চলাফেরা শুরু করেন।গত ২৫ নভেম্বর সকালে আফিয়ার বাড়িতে গিয়ে দেখা যায়, তাঁর দুই মেয়ে উঠানে খেলছে। আফিয়া বারান্দায় তরকারি কুটছিলেন। বড় মেয়ে চতুর্থ শ্রেণী ও ছোট মেয়েটি তৃতীয় শ্রেণীতে পড়ে। আর আফিয়া গ্রামের বিভিন্ন বাড়িতে কাজ করে যা রোজগার করেন, তা দিয়ে সংসার চালান। বিপদে-আপদে গ্রামের লোকজন তাঁকে এখন সাহায্য করে।১ নম্বর ফেঞ্চুগঞ্জ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জাহিরুল ইসলাম বলেন, ‘যেখানে মানবিক আচরণ করার কথা, সেখানে গ্রামের লোকজন তাঁকে মানসিক কষ্টে জর্জরিত করেছে। তাঁকে এলাকা থেকে তাড়িয়ে দিতে গ্রামের কিছু লোক আমার কাছে লিখিত অভিযোগ করেছিল। আমি তাদের ডেকে বিষয়টি ভালো করে বুঝিয়েছি। গ্রামে গিয়ে উঠান বৈঠক করেছি। আফিয়া এখন স্বাভাবিক জীবন যাপন করছেন।’উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হাবিবুর রহমান বলেন, ‘অনৈতিক সম্পর্ক, রক্ত পরীক্ষা ও সিরিঞ্জ ব্যবহারে সচেতন হলে মরণব্যাধি এইডস থেকে রক্ষা পাওয়া সম্ভব।’